


টোকিও: ফ্ল্যাশব্যাক ২০২০। জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে ইতিহাস গড়েন নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রো’য়ে নীরজের সোনা জয় দেশের ক্রীড়া ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাঁচ বছর পর সেই ‘লাকি’ টোকিওতে ফের সোনার খোঁজে নামবেন পানিপতের সোনার ছেলে। শনিবার টোকিওতে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ১৯ সদস্যের ভারতীয় দলে ফোকাসের কেন্দ্রে নীরজ চোপড়া। পাশাপাশি দেশের দ্রুততম স্প্রিন্টার অনিমেষ কুজুরের দিকেও নজর থাকবে।
দোহা ডায়মন্ড লিগে কেরিয়ারে সেরা জ্যাভেলিন থ্রো করেন নীরজ (৯০.২৩ মিটার)। পরবর্তীতে জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালে রুপো পান দু’বারের ওলিম্পিকস পদকজয়ী নীরজ। সাম্প্রতিককালে জার্মানির জুলিয়ান ওয়েবারের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ ভারতীয় অ্যাথলিট। টোকিওতেও নীরজকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ওয়েবার। পাশাপাশি পাকিস্তানের আর্শাদ নাদিম তো রয়েইছেন। প্যারিস ওলিম্পিকসে ৯২.৯৭ মিটার বর্শা ছুড়ে খেতাব পান নাদিম। এরপর নীরজ চোপড়ার নামাঙ্কৃত ক্লাসিক টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল নাদিমের। কিন্তু ব্যক্তিগত সমস্যার দোহাই দিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন পাক তারকা। যদিও অনুমান করা হয়, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান যুদ্ধাকালীন পরিস্থিতিতে নিজের দেশে অপ্রিয় হতে চাননি নাদিম। যাই হোক, নীরজ বনাম নাদিমের দ্বৈরথও বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা আকর্ষণ। আগামী বুধবার জ্যাভেলিনের যোগ্যতা পর্বের ইভেন্ট রয়েছে। পরদিন খেতাব জয়ের লড়াই। এছাড়া জাতীয় গেমসে জ্যাভেলিন থ্রোয়ে খেতাবজয়ী শচীন যাদবও ট্র্যাকে নামবেন। আন্তর্জাতিক মঞ্চে সেরাটা উজাড় করে দিতে চান শচীন।
মহিলাদের জ্যাভেলিন থ্রোয়ে বিভাগে ভারতের সেরা বাজি অন্নু রানি। উল্লেখ্য, এই ইভেন্টে পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে পাঁচজনের দল পাঠিয়েছে ভারত। বোঝাই যাচ্ছে পদক ছিনিয়ে নিতে কতটা মরিয়া তারা। পাশাপাশি স্টিপলচেজে পারুল চৌধুরি ও অঙ্কিতা ধ্যানির দিকেও নজর থাকবে। ২০২৩ সালে হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেবার ২৮ জনের দল পাঠিয়েছিল ভারত। কিন্তু টোকিওয় রিলে দল পাঠানো হয়নি।