


বেলফাস্ট, ২৮ জুন: দ্বিতীয় টি২০ ম্যাচে আইরিশদের কাছে ১ রানে হারল ভারত। সিরিজে ২-০ ব্যবধানে আয়ারল্যান্ডের কাছে লজ্জার হার টিম ইন্ডিয়ার। আজ, রবিবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আয়ারল্যান্ড। এদিন বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড টিম। ২ ওভারের মাথায় ৫ রান করে আউট হন ওপেনার টিম টেক্টর। ১৬ রানে প্যাভিলিয়নে ফেরেন রস অ্যাডায়ার। প্রিন্সের বলে ঈশানের হাতে ক্যাচ দিয়ে আউট হন কিপার অধিনায়ক টুকার (১৫)। ২৩ বলে ৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেঞ্জামিন। শিবমের বলে ০ রানে আউট হন গ্যারেথ। ১৯ বলে ফিরে যান জর্জ। এরপর ৫৩ রানে আউট হন হ্যারি। মারেন ১টি ছয় এবং ৫টি চার। শেষে ২ রানে আউট হন লিয়াম। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে টিম আয়ারল্যান্ড। ভারতের হয়ে ৩টি উইকেট নেন প্রিন্স যাদব। ২টি করে উইকেট নেন অর্শ্বদীপ এবং শিবম দুবে। ১টি উইকেট আসে হর্ষিত রানার ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। প্রথম বলেই আউট হয়ে ০ রানে ফিরে যান স্যামসন। এরপর ওই ওভারেরই চতুর্থ বলে ফের ০ রানে আউট হন ওপেনার অভিষেক শর্মা। অধিনায়ক শ্রেয়স ১০ রানে মুন্দ্রার বলে বোল্ড হন। ১২ রানের মাথায় রানআউট হন কিপার ঈশান কিষান। এরপর বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলা। ৮ ওভারে ভারতের স্কোর তখন ৪ উইকেট হারিয়ে ৫৪ রান। বৃষ্টি থামার পর শুরু হয় খেলা। ১৪ রানে আউট হন অক্ষর প্যাটেল। ম্যাথুর বলে জর্জের হাতে ক্যাচ দিয়ে আউট হন শিবম দুবে(২০)। ৪৬ বলে ৫৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিলক বর্মাও। এরপর ১ রানে আউট হন সূর্যাংশ। কিছুটা লড়াই করেও ২১ রানে প্যাভিলিয়নে ফেরেন হর্ষিত (২১)। শেষে অর্শ্বদীপ (৪) এবং প্রিন্স যাদব (৬) রানে অপরাজিত থাকেন। ১ রানে আয়ারল্যান্ডের কাছে হারে ভারত। দুটি ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে জিতে নেয় আইরিশ টিম। আয়ারল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন মুন্দ্রা এবং ম্যাথু। ১টি করে উইকেট নেন হামফ্রেজ এবং হ্যারি।