


হারারে: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০’তেই হার। ইংল্যান্ডের সামনেও ‘হোয়াইটওয়াশ’! সেই সব কিছুর রাগ দুর্বল জিম্বাবোয়ের উপর মেটাল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে আফ্রিকার দেশটিকে হোয়াইটওয়াশ করল ‘মেন ইন ব্লু’। টানা দুই জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়। রবিবার নিয়মরক্ষার শেষ ম্যাচেও জিম্বাবোয়েকে ৩৫ রানে বশ মানাল ভারত। টস জিতে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১৯২। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানে থামে সিকান্দর রাজার দল। ৮টি চার ও ৪টি ছক্কা সহ ৪৯ বলে ৮১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা বৈভব সূর্যবংশী।
জিম্বাবোয়ের মতো দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে ভারতের জয় প্রত্যাশিতই ছিল। তবে এই সিরিজ থেকে ভারতের বড় প্রাপ্তী বৈভব সূর্যবংশী। বিহারের বিস্ময় বালকের প্রতিভার ঝলক আইপিএলেই মিলেছিল। সেই ছন্দ সে কী জাতীয় দলে ধরে রাখতে পারবে? ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর এই প্রশ্ন আরও জোরালো হয়। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ঝলমলে পারফরম্যান্স মেলে ধরেছে বাঁহাতি ব্যাটার। তিন ম্যাচে তার সংগ্রহ ১৫১, যা টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও। অর্থাত্, ভারতীয় টি-২০ দলে ওপেনিংয়ে জায়গা মোটমুটি পাকা করে ফেলল বিস্ময়প্রতিভা। যশস্বী জয়সওয়ালের টি-২০ দলে ফেরার দরজা আপাতত বন্ধ। হারারেতে রবিবারও তাঁর ইনিংসই ভারতের শক্ত ভিত গড়ে দেয়। এছাড়া ঈশান কিষান (২৯), শ্রেয়স আয়ার (২৭) ও রিঙ্কু সিং (২৫) রান পেয়েছেন।
রান তাড়ায় জিম্বাবোয়ে যথারীতি মুখ থুবড়ে পড়েছে জিম্বাবোয়ে। তাদের হয়ে সবচেয়ে বেশি রান রায়ান বার্লের (অপরাজিত)। তাঁর ব্যাটে ভর করেই কোনোক্রমে দেড়শো টপকায় সিকান্দর-ব্রিগেড। ভারতের সফলতম বোলার মায়াঙ্ক আগরওয়াল (৩-২৯)। অর্থাৎ, ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে ব্যর্থতা কাটল ভারতের। সেই সঙ্গে জাতীয় দলের অধিনায়ক হিসেবে শ্রেয়সও প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন।