


হায়দরাবাদ, ১০ মার্চ: সোনা বন্ধক রেখে ঋণ নেওয়ার জন্য আর কোনও ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের শাখায় যেতে হবে না। এবার এটিএম থেকে মিলবে ঋণের সুবিধা। পেমেন্টের একাংশ মিলবে নগদে। দেশের প্রথম গোল্ড লোন এটিএম চালু হল তেলেঙ্গানার ওয়ারঙ্গলে। সৌজনে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সফল হলে আগামী দিনে দেশের অন্যান্য প্রান্তেও এধরনের এটিএম বসানোর ভাবনা আছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটির।
এই এটিএম থেকে আধার কার্ড ও মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে মাত্র ১০ থেকে ১২ মিনিটে মিলবে গোল্ড লোন। শুক্রবার এটি উদ্বোধন করেন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এম ভি রাও। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত গোল্ড লোন এটিএম আগামী দিনে দেশের আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে বলে মত বিশেষজ্ঞদের।
ঋণ নেওয়ার জন্য এটিএমের নির্দিষ্ট একটি বাক্সে রাখতে হবে সোনা। এআই টেকনোলজির সাহায্যে যন্ত্র সোনার গয়নার মান এবং ওজন নির্ধারণ করবে। বর্তমান বাজারদর অনুযায়ী নির্ধারণ করা হবে দাম। এর মাধ্যমে স্বচ্ছতা বজায় থাকবে।
গোল্ড লোন এটিএম থেকে ঋণ নিলে গ্রাহকরা প্রাপ্য টাকার ১০ শতাংশ হাতে হাতে পাবেন। বাকি টাকা জমা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদিও এই সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।