


জয়পুর: রাজস্থানে প্রস্তাবিত শিল্প প্রকল্পের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। জয়পুর জেলার বিছুন এলাকায় প্রায় ৩৩০ একর জমিতে শিল্পতালুক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজস্থানের বিজেপি সরকার। এই প্রকল্পের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন সাধু-সন্ন্যাসীরা। তাঁদের অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়িত হলে ব্যাপক হারে গাছ কাটা পড়বে। পাশাপাশি সেখানে একটি ধর্মস্থানও বিলুপ্ত হবে। ইতিমধ্যে আন্দোলন আরও জোরদার করেছে ‘দাদু পলকা ভৈরানা সংগ্রাম সমিতি’ নামে সাধুদের সংগঠন। বিক্ষোভের অংশ হিসাবে ‘অগ্নি তপস্যা’ পালন করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, এই আন্দোলন শুধুমাত্র পরিবেশ নয়, পবিত্র স্থান রক্ষারও লড়াই। ইতিমধ্যে সরকারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘ওই এলাকার পরিবেশ রক্ষা করা জরুরি। উন্নয়নের নামে সবুজ ধ্বংস নয়। এব্যাপারে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।