


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি বেসরকারি ব্যাঙ্কে সাধারণ লেনদেন করতে গিয়েছিলেন কলকাতার বাসিন্দা সুরজিৎ মণ্ডল। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ ভুল বুজিয়ে ওই প্রবীণ ব্যক্তির বিমা করিয়েছিল বলে অভিযোগ। আর তাতেই অ্যাকাউন্ট থেকে কাটা যায় সাড়ে ১০ লক্ষ টাকা। বিষয়টি নিয়ে অভিযোগ জানালেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ উদাসীন থাকায় ওই প্রবীণ দ্বারস্থ হন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের। যার জেরে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সুরাহা পান ওই ব্যক্তি। অভিযোগপত্রের বয়ানে দাবি করা হয়, ব্যাঙ্কের এজেন্ট মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল ওই প্রবীণ নাগরিককে। সম্পূর্ণ ভুল বুঝিয়ে বিমা করানো হয়েছিল। গ্রাহক দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে সাড়ে ১০ লক্ষ টাকা চলে গিয়েছে। এই অবস্থায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে দরবার করেও সুরাহা পাওয়া যায়নি বলে অভিযোগ। রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরে অভিযোগ জানান ওই ব্যক্তি। দপ্তরের পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করা হয়। তাতে অভিযোগকারী, ব্যাঙ্কের প্রতিনিধি ও উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রতিনিধিরা হাজির ছিলেন। কাগজপত্র পরীক্ষা এবং আলোচনার পর দপ্তরের আধিকারিকদের নজরে আসে, অভিযোগকারীর বক্তব্যের সত্যতা আছে। এমনকী ব্যাঙ্ক কর্তৃপক্ষ অর্থ ফেরত দিতে রাজি হয়ে যায়। প্রথম দফায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রদান করে অভিযোগকারীকে। কিন্তু অভিযোগ উঠেছে, প্রায় দেড় লক্ষ টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিচ্ছিল না। শেষমেশ দ্বিতীয় দফায় ত্রিপাক্ষিক বৈঠক করে উপভোক্তা দপ্তর। তারপর সম্পূর্ণ টাকা ফেরত পান ওই গ্রাহক।