


বেজিং: হরমুজ প্রণালী যত দ্রুত সম্ভব খুলে দিক ইরান। বুধবার একথা বলল চীন। একইসঙ্গে বেজিং বলেছে, অস্ত্র না বানিয়ে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের যে অঙ্গীকার ইরান করেছে, তা প্রশংসনীয়। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার তেহরানের রয়েছে। ঘটনাচক্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধে থামানোর শর্তও ছিল, পরমাণু অস্ত্র বানানোর কর্মসূচি থেকে সরে আসতে হবে ইরানকে।
আমেরিকার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম চীন সফরে এসেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বেজিংয়ে তিনি সাক্ষাৎ করেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং উইয়ের সঙ্গে। বৈঠকের পর উই বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক মহলের সম্মিলিত উদ্বেগ রয়েছে। এই ইস্যুতে আন্তর্জাতিক মহল চায়, হরমুজে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করুক সংশ্লিষ্ট পক্ষগুলি।