


সংবাদদাতা, বালুরঘাট: দেড় বছর ধরে বিকল হয়ে রয়েছে যন্ত্রাংশ। সরবারাহ করা হচ্ছে আয়রন যুক্ত জল। আর সেই জলই পাঁচ শতাধিক পরিবার খাচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর রিজার্ভার থেকে এমন অপরিশোধিত জল বাড়ি বাড়ি সরবারাহ করা হলেও হুঁশ নেই প্রশাসনের। এনিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। দেড় বছর ধরে জলের আয়রন পরিশোধনের মেশিন বিকল হয়ে পড়ে থাকলেও পিএইচই দপ্তরের তরফে কেন তা মেরামত করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অপরিশোধিত জল খাওয়ায় বাসিন্দারা নানা রোগে ভুগছেন। দ্রুত বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। দক্ষিণ দিনাজপুর জেলা পিএইচই দপ্তরের আধিকারিক শুভব্রত কর বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। দ্রুত এনিয়ে পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি কয়েক দিনে সমস্যার সমধান হবে। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাত বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। দপ্তরের আধিকারিকদের সঙ্গে এনিয়ে কথা বলেছি। তাঁরা দ্রুত মেশিন বদল করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের পাঞ্জুলের বাসিন্দা জুয়েল মণ্ডল বলেন, বাড়ি বাড়ি যে জল সরবারাহ করা হচ্ছে তা বোতলে রাখলে বোতল লাল হয়ে যাচ্ছে। এমনটা হওয়ার কথা নয়। পরে জানতে পারি দেড় বছর ধরে আয়রন পরিশোধন মেশিন খারাপ হয়ে রয়েছে। প্রশাসন দ্রুত এর সমাধান করুক।
ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের কালিকাপুরের রিজার্ভার থেকে ত্রিমোহিনী, লালপুর, শ্রীরামপুর, পাঞ্জুল সহ আরও বেশকিছু গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল সরবারাহের কাজ দু’বছর আগে শুরু হয়েছে। অভিযোগ, ছ’মাস যেতে না যেতেই আয়রন পরিশোধন মেশিন বিকল হয়ে যায়। যে সমস্ত স্থানে ট্যাপকল বসানো রয়েছে সেগুলি দিয়ে আয়রন যুক্ত জল বের হয়। আবার বাড়ি বাড়ি সরবারাহ করা জলও পানের অযোগ্য।