


নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শনিবার ছাত্রী ঈশিতা মল্লিক খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে নিজেদের হেফাজতে নিল পুলিস। শনিবার সকালেই তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। পুলিসের তরফে কেস ডায়েরি আদালতে পেশ করা হয়। ১২ দিনের পুলিসি হেফাজতের আবেদন করা হয়েছিল। কিন্তু, বিচারক দেশরাজকে ছ’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যেই খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পুলিসকে উদ্ধার করতে হবে। সেইসঙ্গে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার দেশরাজকে উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিস। তারপর থেকে সে জেল হেফাজতেই ছিল। এরই মধ্যে টিআই প্যারেড হয়। যেখানে ঈশিতার মা কুসুম মল্লিক ও ভাই করন দেশরাজকে শনাক্ত করে। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তার করে আনা যায়নি দেশরাজের বাবা রাঘবেন্দ্রপ্রতাপ সিংকে। ২৫ আগস্ট ঈশিতাকে খুন করার পর কীভাবে পালাতে হবে তার সবটাই ছক কষে দিয়েছিল তার বাবা। এমনকী অযোধ্যা পৌঁছনোর পর দেশরাজ তার বাবার নামেই হোটেল বুক করে। সেই টাকাও রাজস্থান থেকে পাঠিয়েছিল রাঘবেন্দ্র। পুলিস তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।