


সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মৃতদের নাম শুভম দাস (২৫) ও শুভঙ্কর রায় (২৬)। শুভম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের ঘোকসাডাঙা থানা এলাকার হাসপাতাল মোড় এলাকায়। রাত প্রায় তিনটে নাগাদ রাস্তায় দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁদের নিকটবর্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, বাইক আরোহী দু’জনকে ধাক্কা মেরে কোনো দ্রুতগামী গাড়ি পালিয়ে যায়। দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি চলছে।