


পাটনা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে উত্তাল হয়েছে দিল্লি। তাঁর সময়ের বিতর্কিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়েও ক্ষোভ আছড়ে পড়েছে রাজপথে। এই অবস্থায় এসআইআর বিরোধী বিক্ষোভকে ‘দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ’ বলে মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর দাবি, এখনি এসআইআর বাতিল করতে হবে। আর ব্যালটে ভোটদান ফিরিয়ে আনতে হবে। গত দু’বছরে যতগুলি রাজ্যে ভোট হয়েছে, সেগুলি বাতিল করে নতুন করে নির্বাচন করাতে হবে বলেও দাবি তাঁর। রবিবার বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মদিবস উপলক্ষ্যে পাটনায় এক অনুষ্ঠানে খাড়্গে বলেন, ‘রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এবং বিজেপির আদর্শ দেশে বিভাজন তৈরি করছে। এই মতাদর্শ উৎখাত করতে না পারলে দেশে শান্তি ফিরবে না।’ এদিন তিনি নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারেরও সমালোচনা করেন। তাঁর কথায়, ‘রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণের মতো সমাজবাদী নেতাদের পাশে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন সেই আদর্শকে জলাঞ্জলি দিয়ে বিজেপির সঙ্গে তিনি জোট করেছেন।’
এদিন অবশ্য বিতর্কেও জড়িয়েছেন কংগ্রেস সভাপতি। পাটনার অনুষ্ঠান চলাকালীন সন্তোষ কুমার নামে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘মোদি ক্ষমতা থেকে সরবেন না।’ এই মন্তব্য শোনার পরেই খাড়্গে বলে ওঠেন, ‘মোদির বাপও সরে যাবে।’ এর পরেই বিজেপির পক্ষ থেকে বলা হয়, খাড়্গে শুধু মোদি বা তাঁর প্রয়াত বাবাকেই নয়, গোটা দেশকে অসম্মান করেছেন। তবে অনুষ্ঠানের পর সন্তোষ বলেন, ‘আমার কথাকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। আমি আসলে বলেছিলাম, বিপ্লব না হলে মোদিকে ক্ষমতা থেকে সরানো যাবে না। তবে ভিড়ের মধ্যে থেকে কেবল একটি অংশই শোনা যায়। তা থেকে ভুল বোঝাবুঝি।’