


শ্রীনগর, ২৬ অক্টোবর: জম্মুতে স্টেশনের কাছে জনপ্রিয় শিব মার্কেটে ভয়াবহ আগুন। জনপ্রিয় শিব মার্কেটে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ৪০টি দোকান। বিরাট ক্ষতির আশঙ্কা। এই সময়ে ভিড়ে ব্যস্ত থাকা সেই মার্কেট কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে।
রবিবার রাতে আগুন নজরে আসে। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। বাজার এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের অভিযোগ, প্রায় এক থেকে দেড় ঘণ্টা পরে দমকল সেখানে আসে। ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।
পুজোর মরসুম চলছে। পর্যটকে ঠাসা এখন জম্মু। বহু বাঙালিরাও পুজোর ছুটিতে সেখানে ভিড় জমিয়েছেন। তবে রাতে আগুন লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারণ, সে সময় বাজার বন্ধ হয়ে গিয়েছিল। পর্যটনের মরসুম চলায় জিনিসপত্রে ঠাসা ছিল দোকানগুলি। ড্রাই ফ্রুটস ও কম্বলের দোকান গুলি ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। যা পরে গোটা বাজারে ছড়িয়ে পড়ে।