


বেঙ্গালুরু: ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গার্ডেন সিটিতে ম্যাচ জিতলেও মাঠের বাইরে বিতর্কে জড়াল আরসিবি। ক্রিকেটারদের অপমান করার অভিযোগ তুলে বোর্ডের কাছে অভিযোগ জানিয়েছে সিএসকে কর্তৃপক্ষ। তাদের দাবি, চেন্নাই ইনিংস শুরুর আগে তামিল গান ‘ইডলি, দোসা , সম্বর’ ব্যবহার করেছেন আরসিবির ডিজে। তাতে সমস্যা নেই। কিন্তু গানের সঙ্গে রীতিমতো আপত্তিকর মন্তব্যও করা হয়েছে। এই প্রসঙ্গে চেন্নাইয়ের ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথের মন্তব্য, ‘ডিজের কাজ নিজের দলকে সমর্থন করা। কিন্তু বেঙ্গালুরুতে তা একেবারেই হয়নি। ক্রিকেটাররা বেশ বিরক্ত। আমরা যাবতীয় অভিযোগ বোর্ডকে জানিয়েছি।’
এদিকে, পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে কোহলি ব্রিগেড। বুধবার লখনউ সুপার জায়ান্টসকে সহজে বশ মানায় তারা। তবে সহজ পরিস্থিতিতেও পরপর উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিল আরসিবি। তা নিয়ে ম্যাচের পর সতীর্থদের সতর্কও করেছেন ভিকে। ১৪৭ রান তাড়া করতে নেমে একটা সময় ১২২ রানে ৫ উইকেট হারায় আরসিবি। তবে ম্যাচ জিততে অসুবিধা হয়নি। পাশাপাশি, রোমারিও শেফার্ডের প্রশংসাও করেছেন কোহলি। উল্লেখ্য, আরসিবি পরের ম্যাচটি খেলবে শনিবার দিল্লির বিরুদ্ধে।