


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল থেকে চড়া রোদ। সন্ধ্যা নামতেই মুষলধারে বৃষ্টি। তাও আবার একটানা। রাত পর্যন্ত শহরজুড়ে মুষলধারে বৃষ্টি। তার জেরে জলমগ্ন হয়ে পড়ল কলকাতা শহরের একাধিক রাস্তা। লণ্ডভণ্ড হয়ে যায় রাতের কলকাতা। আটকে যায় গাড়ি, ডুবে যায় বাইকের সাইলেন্সার। কোথাও কোথাও বন্ধ হয়ে যায় রিকশ, অটো। ফলে রাতে বাড়ি ফিরতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
সোমবার সন্ধ্যার পর থেকেই উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় দফায় দফায় ব্যাপক বৃষ্টিপাত হয়। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতও দেখা যায়। উত্তর কলকাতায় বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বেশি ছিল। বরানগর, সিঁথি, শ্যামবাজার, বাগবাজার, উল্টোডাঙা, মানিকতলা, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, এম জি রোড জলের তলায় চলে যায়। ক্যামাক স্ট্রিট, এসএসকেএম হাসপাাতাল সংলগ্ন এলাকাতেও জল জমেছিল। ভিন্ন জায়গায় দেখা গিয়েছে, অফিস থেকে বাড়ি ফেরার পথে জল ঢুকে খারাপ হয়ে গিয়েছে নিত্যযাত্রীদের বাইক। কলেজ স্ট্রিট চত্বরের এক বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য বলেন, জল জমে তা বাইকের সাইলেন্সার পাইপে ঢুকে ইঞ্জিনে চলে গিয়েছে। তার জেরে ইঞ্জিন বন্ধ । ফলে বাড়ি ফেরার পথে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
প্রতি বর্ষায় একটি ছবি অবশ্যম্ভাবী। এবারও তার ব্যতিক্রম নয়। বৃষ্টিতে পাতিপুকুর আন্ডারপাসে ডুবে যায় একটি গাড়ি। আন্ডারপাসে কোনোভাবে আটকে যায় ওই গাড়িটি। সেই সময়ে যথেষ্ট জল জমে ছিল। জল ঢুকে গাড়িটির ইঞ্জিনে বন্ধ হয়ে যায়। বৃষ্টি না থামায় আন্ডারপাসে জলস্তর বাড়তে থাকে। গাড়ির চালক কোনোমতে বেরিয়ে আসেন। পরে জলস্তর বেড়ে গাড়ির জানালা পর্যন্ত ডুবে যায়। কলেজ স্ট্রিটের বইপাড়াতেও এদিন জল জমে। বেহালা, তারাতলা, গড়িয়াহাট, টালিগঞ্জ, চেতলাতেও ভারী বৃষ্টি হয়।