


স্বার্ণিক দাস, কলকাতা: সরশুনা থানা এলাকা থেকে দূরত্ব প্রায় সাড়ে সাত কিলোমিটার। ঠাকুরপুকুর থেকে সাড়ে ছয় কিমি। পর্ণশ্রী ও তারাতলা থানা এলাকা থেকে প্রায় সাত। বেহালা থানা থেকে দূরত্ব প্রায় ৫ কিমি। থানাগুলি সাউথ-ওয়েস্ট বা বেহালা ডিভিশন অফিস থেকে এত দূরেই অবস্থিত। যার জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। অনেকক্ষেত্রেই এলাকার মানুষ স্থানীয় ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে কোনও অভিযোগ বা অনুরোধ নিয়ে যেতে রীতিমত কালঘাম ছুটে যাচ্ছে। কোনওক্ষেত্রে বড় সাইবার ক্রাইমের অভিযোগ জানাতে গেলেও দু-তিনবার করে গণপরিবহণ বদলে পৌঁছতে হচ্ছে ডিসি (সাউথ-ওয়েস্ট) অফিস। সেকথা মাথায় রেখেই এবার বেহালা ডিভিশনের জন্য নতুন অফিস তৈরির উদ্যোগ নিল লালবাজার।
কলকাতা পুলিসের অন্যতম গুরুত্বপূর্ণ ডিভিশন সাউথ-ওয়েস্ট বা বেহালা। যার অন্তর্গত রয়েছে ছ’টি থানা ও একটি মহিলা থানা। অথচ মূল অফিস অফিস ডিভিশনের এলাকার অনেকটা দূরে। সাধারণ মানুষের এই দুর্ভোগ নিয়ে আগেও অভিযোগ জমা পড়েছে লালবাজারে। শুধু তাই নয়, থানার বহু কাজের ক্ষেত্রেও প্রয়োজন হয় ডিসির সইসাবুদ। তার জন্য অফিসারদের বাইক বা গাড়ি নিয়ে পাড়ি দিতে হয় টালিগঞ্জে অবস্থিত ডিসির দপ্তরে। লালবাজার সূত্রের খবর, বেহালা এলাকায় ডিভিশনের অফিস তৈরির জন্য নির্দিষ্ট জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে অবশেষে সেই সমস্যা মিটেছে। বেহালা থানা এলাকার ঘোলশাপুর রেলওয়ে কলোনির সামনে জেমস লং সরণির উপর একটি জায়গা স্থির হয়েছে। সেখানেই তৈরি হবে বেহালা বা সাউথ-ওয়েস্ট ডিভিশনের নয়া অফিস। তার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের দাবি।
পুলিস হাউসিং কর্পোরেশন নয়া নির্মাণ তৈরির কাজ করছে। সূত্রের কথায়, সুসজ্জিত পরিকাঠামোয় সেজে উঠবে এই নতুন অফিস। পাঁচতল বিশিষ্ট এই অফিসের একতলায় বসবেন ডেপুটি কমিশনার (সাউথ-ওয়েস্ট) ডিভিশন। দোতলায় ডিভিশনের সাইবার সেল তৈরির পরিকল্পনা রয়েছে। তার উপরের তলায় জেমস লং ট্রাফিক গার্ডের অফিস স্থানান্তর হতে পারে বলেও পুলিসমহলে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও সিদ্ধান্তের কথা জানায়নি লালবাজার। পাঁচতলা নির্মাণের সর্বোচ্চ দু’টি তলে পুলিস বারাক হতে পারে বলে সূত্রের খবর। লালবাজারের এক পদস্থকর্তার কথায়, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিসি অফিস বেহালা ডিভিশনের মধ্যে চলে এলে মানুষকে আর অতো দূরে যেতে হবে না। সহজেই তাঁরা পুলিসকর্তার সামনে নিজেদের বক্তব্য জানাতে পারবেন।