


নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাত নামলেই মাটি মাফিয়াদের দাপট। অভিযোগ, হাড়োয়ায় গ্রামীণ সরু রাস্তা দিয়ে ছুটে চলেছে মাটি বোঝাই ডাম্পার। ভারী গাড়ির চাপে দফারফা হয়ে যাচ্ছে গ্রামের রাস্তা। ভেঙে পড়ছে নিকাশি নালা। ডাম্পারের শব্দে রাতের ঘুম উড়ছে বাসিন্দাদের। প্রতিবাদে ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার সকালে হাড়োয়ায় নজরনগর এলাকায় হাড়োয়া–রাধানগর রোডের উপর একাধিক মাটি ভরতি ডাম্পার আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দাবি, অবিলম্বে বন্ধ করতে হবে এই অবৈধ কারবার। গ্রামের রাস্তা দিয়ে ভারী ডাম্পার চলাচলের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করতে হবে। স্থানীয়দের অভিযোগ, হাড়োয়া–রাধানগর রোড সহ আশপাশের গ্রামীণ রাস্তা দিয়ে রাতভর ছুটে চলে মাটি ভরতি গাড়ি। যে রাস্তা মূলত গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য তৈরি, সেই রাস্তা এখন ভারী ডাম্পারের চাপে কার্যত ভেঙেচুরে একাকার। দুর্ঘটনাও নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। সন্ধ্যা নামলে অঘটনের আশঙ্কায় তটস্থ হয়ে থাকেন অনেকে। অভিযোগের আঙুল উঠছে পুলিশের দিকেও। স্থানীয়দের দাবি, সব কিছু পুলিশের নাকের ডগায় ঘটলেও কার্যত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। উলটে কেউ প্রতিবাদ করতে গেলে জুটছে হুমকি। প্রাণনাশের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার অভিযোগও উঠছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা পল্টু মোল্লা বলেন, রাত হলেই ডাম্পারের লাইন পড়ে যায়। বাড়ির দেওয়াল কাঁপতে থাকে। ঘুমানো যায় না। রাস্তা ভেঙে গেছে, নালা ভেঙে গেছে। এত অভিযোগ করার পরেও পুলিশ যদি কিছু না করে, তাহলে আমরা যাব কোথায়? আমাদের দাবি মাটির গাড়ি বন্ধ হোক। রবিবার বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। যদিও এলাকাবাসীর সাফ কথা— আর আশ্বাসে কাজ হবে না, এবার চাই কড়া পদক্ষেপ। নিজস্ব চিত্র