


বেঙ্গালুরু, ২৭ অক্টোবর: গত জুন মাসে কর্ণাটকে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া। তার চূড়ান্ত তালিকা প্রকাশ হল আজ। এসআইআর প্রক্রিয়া শুরু করার আগে কর্ণাটকে মোট ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার ৩১৪ জন। কিন্তু এসআইআর-এর পর মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৫৪ লক্ষ ৫৫ হাজার ৬৮৯ জন। বাদ গিয়েছে ১ কোটিরও অধিক নাম । ২০০২ সালের পর প্রথম এই রাজ্যে এত বড় ভোটার যাচাইকরণ প্রক্রিয়া হল।
আজ, মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। বিএলও মারফত সমীক্ষা, শুনানির পর চূড়ান্ত তালিকা থেকে ১ কোটি ৮ লক্ষ ৭৬ হাজার ৬২৫ জনের নাম বাদ যায়। তার মধ্যে ৬১ হাজার ৮৬৭ জনকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী কর্ণাটকে পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যাই বেশি। বর্তমানে এ রাজ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ২৫ লক্ষ ৪০ হাজার ৪৯৩ জন, মহিলা ভোটারের সংখ্যা ২ কোটি ২৯ লক্ষ ১২ হাজার ৩৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২ হাজার ৮৪১ জন। কমিশন সূত্রে খবর ১৮ থেকে ১৯ বছর বয়সী তরুণদের সংখ্যা ৬ লক্ষ ৮৩ হাজারের বেশি।
কমিশনের তথ্য অনুযায়ী, এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে তার সিংহভাগই স্থান পরিবর্তন করেছে আর না হয় মৃত্যুর কারণে। প্রায় ৬৫ লক্ষ ৪৫ হাজার ভোটার অন্যত্র চলে গিয়েছে, ১৯ লক্ষের বেশি ভোটার অনুপস্থিত, ১৬ লক্ষর বেশি ভোটারের মৃত্যু হয়েছে আর প্রায় ৭ লক্ষ ভুয়ো এন্ট্রি শনাক্ত করা হয়েছে।
গত ৩০ জুন থেকে কর্ণাটক জুড়ে এই নিবিড় সমীক্ষার কাজ শুরু হয়েছিল। দাবি ও আপত্তির শুনানি পর্ব ২২ অক্টোবর শেষ হওয়ার পর মঙ্গলবার এই ত্রুটিমুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন।