


চেন্নাই, ১৪ জুলাই: মেট্রোতে বসে মোবাইলে হেডফোন বা এয়ারফোন ছাড়া উচ্চস্বরে গান শোনা, রিলস দেখা কিংবা জোর গলায় কথা বলা এগুলি স্বাভাবিকভাবই পাশের সিটে বসা সহযাত্রীর বিরক্তির কারণ হয়ে ওঠে। কিন্তু এবার এ বিষয়ে সতর্ক থাকতে হবে মেট্রো যাত্রীদের। নইলে পকেট থেকে খসতে পারে মোটা অঙ্কের জরিমানা।
সম্প্রতি চেন্নাই মেট্রো রেল লিমিটেডের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যাত্রীদের। সেখানে বলা হয়েছে এবার থেকে মেট্রোতে উঠে হেডফোন বা এয়ারফোন ছাড়া মোবাইলে গান শোনা যাবেনা পাশাপাশি মোবাইলে জোরে কথাও বলা যাবেনা। গত ১৯ জুন নগরোন্নয়ন দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে জন বিশ্বাস আইন, ২০২৬-এর ৫৯ নম্বর ধারায় সংশোধন আনা হয়। নতুন নিয়ম অনুযায়ী, মেট্রোর ভিতরে এমন কোনও আচরণ বা কাজ করা যাবে না, যা অন্য যাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হয়। এই বিধি লঙ্ঘন করলে আগের তুলনায় অনেক বেশি জরিমানা গুনতে হবে। আগে যেখানে জরিমানার পরিমাণ ছিল ৫০০ টাকা, এখন তা বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। চেন্নাই মেট্রোর এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। কলকাতা মেট্রোতেও কি এমন নিয়ম আসতে পারে? তা নিয়ে প্রশ্ন উঠছে যাত্রীদের মধ্যে।