


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার শহরের ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে সভা শুরুর সময় সামান্য সমস্যা দেখা দেয়। শুরু হয় বিশৃঙ্খলাও। হাজার হাজার কর্মী-সমর্থদের ভিড়ে সভামঞ্চের পাশের লেনে যানজট দেখা দেয়। আটকে পড়ে একাধিক গাড়ি, অ্যাম্বুলেন্সও। পুলিশ বিষয়টি জানালে পরিস্থিতি সামাল দেন মমতা নিজেই। অবিলম্বে পাশের লেন থেকে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দেন। এসবের জন্য প্রায় ২০-২৫ মিনিট সভার কাজ ব্যাহত হয়। এরপর মমতা মঞ্চ থেকে দৃপ্ত গলায় ঘোষণা করেন, বাংলায় ফের পরিবর্তন আসবেই। তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরাই দেবে। বলেন, ছাত্র-যুবকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। দরকার হলে জেলেও যেতে হবে। প্রয়োজন হলে জেলের ভাত খাবেন, কিন্তু বিজেপির ভাত খাবেন না।
বিজেপির উদ্দেশ্যে মমতা বলেন, ১৪ হাজার কেস দিয়েছেন। মামলা করে কিন্তু তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা লড়ছেন। প্রয়োজন পড়লে আমিও যাব। দরকার হলে আন্তর্জাতিক আদালতেও যাব। তখন দেখব যে বা যারা অত্যাচার করছেন তাঁরা কে কোথায় থাকেন। এখন থেকেই যাওয়ার ঠিকানা তৈরি করে রাখুন। জানিয়েছেন, এবার থেকে জেলা সফর শুরু করবেন তিনি। পুলিশ-প্রশাসন অনুমতি না দিলে রাস্তায় হাঁটবেন। পুলিশ অনুমতি না দিলে এবার জনগণের অনুমতি নেব। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, চক্রান্ত করে আমাদের সভা বানচাল করার চেষ্টা করা হচ্ছে। এটা প্রশাসনিক অত্যাচার। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।