


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৮ এপ্রিল, বুধবার মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পর্ব মিটলেই নির্ধারিত কর্মসূচির জন্য বেরিয়ে পড়বেন তিনি। ওই দিন হুগলি জেলায় তিনটি কর্মসূচি রয়েছে মমতার। আরামবাগ, বলাগড়-পাণ্ডুয়া, শ্রীরামপুরে সভা রয়েছে তাঁর। পরের দিন, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলায় পাঁচটি কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর। মিনাখাঁ, নোয়াপাড়া, পানিহাটি, বরানগর ও বিধাননগর। কলকাতা লাগোয়া এলাকায় মমতার সভা বা কর্মসূচি আগামী বুধ ও বৃহস্পতিবার হতে চলেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কি না, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলা সাংগঠনিক শক্তির বিচারে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। তাই এসব জায়গায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে মমতা কী বার্তা দেন, সেদিকেও নজর থাকবে সবার।