


নেপাল তাঁর জন্মভূমি। সেই দেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। অনেকটা দূরে মুম্বইয়ে বসে সে কারণে অস্বস্তিতে ভুগছেন অভিনেত্রী মনীষা কৈরালা। মাতৃভূমিতে তরুণ প্রজন্মের রক্ত ঝরায় ক্ষোভে ফুঁসছেন নায়িকা। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ ও ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছিলেন জনগণ। তাঁদের উত্তর দেওয়া হচ্ছে বুলেট দিয়ে! আজ নেপালের জন্য কালো দিন।’ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি তথা নেপালি রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা মনীষার সে দেশের রাজনীতির ওঠাপড়ার প্রসঙ্গে স্পষ্ট ধারণা রয়েছে। এই পরিস্থিতিতে দেশের মানুষের জন্য উদ্বিগ্ন তিনি।