


মোহন বাগান-৫ : কোল ইন্ডিয়া-১
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার সিক্সে বড়ো জয়ে কাটল ডার্বি ড্রয়ের গুমোট আবহাওয়া! বৃহস্পতিবার ঘরোয়া লিগে ঘরের মাঠে কোল ইন্ডিয়াকে পাঁচ গোলের মালা পরাল মোহন বাগান। জোড়া লক্ষ্যভেদ মনবীর সিংয়ের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন সাহাল আবদুল সামাদ, কিয়ান নাসিরি ও সন্দীপ মালিক। কোল ইন্ডিয়ার একমাত্র গোলটি ইরফানের। বড়ো জয়ের সুবাদে সুপার সিক্সের টেবিলে গোল পার্থক্যে অ্যাডভান্টেজ মোহন বাগানের। তবুও কিছুটা চিন্তা থেকেই গেল। প্রথমার্ধে ৫ গোল দেওয়া সবুজ-মেরুন ব্রিগেডকে দ্বিতীয়ার্ধে রীতিমতো ছন্নছাড়া দেখাল। এই পর্বেই একটি গোলও হজম করে তারা।
বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। তবে তা সত্ত্বেও প্রিয় দলকে উজ্জীবিত করতে মাঠে আসেন অনুরাগীরা। তাঁদের হতাশ করেননি মনবীররা। এদিন প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করেছিলেন কোচ বাস্তব। রক্ষণভাগে মেহতাবকে বসিয়ে সেন্টার ব্যাকে খেলান শুভাশিসকে। লেফট ব্যাক রবিলাল মান্ডি। মাঝমাঠে আপুইয়া ও তন্ময়ের পরিবর্তে দীপক টাংরি এবং সন্দীপ মালিক। আর লেফট উইংয়ে সায়নকে বসিয়ে লিস্টন কোলাসোকে প্রথম একাদশে রাখেন। শুরুটা দাপটে হয়নি ঠিকই। তবে ২১ থেকে ৪৪— ২৫ মিনিটের সবুজ-মেরুন ঝড়েই ফিনিশ কোল ইন্ডিয়া। ২১ মিনিটে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন মনবীর। মাঝমাঠ থেকে সাহালের ডিফেন্স চেরা থ্রু ধরে বিপক্ষ গোলকিপারকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ তারকা উইঙ্গারের (১-০)। তার কিছুক্ষণ পরই হ্যামস্ট্রিংয়ে সমস্যা হলে লিস্টন কোলাসো মাঠ ছাড়েন। পরিবর্তে অভিষেক টেকচাম নামলে আরও ক্ষুরধার হয় মোহন বাগানের আক্রমণ। ৩৪ মিনিটে মাঝমাঠ থেকে প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল সাহালের (২-০)। এই পর্বে কোল ইন্ডিয়া রক্ষণভাগ গড়ের মাঠ। সেই সুযোগে ৩৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন সন্দীপ মালিক। ডান দিকে কিয়ান হেডে বক্সে বলে নামিয়ে দিলে দুরন্ত সাইড ভলিতে জাল কাঁপান বাগানের তরুণ মিডিও। তার দু’মিনিট পর স্কোরশিটে নাম তোলেন কিয়ান (৪-০)। আর ৪১ মিনিটে মনবীরকে বক্সে ফাউল করলে পেনাল্টি উপহার পায় মোহন বাগান। স্পট কিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি পাঞ্জাবি উইঙ্গারের।
৫-০ লিডের পর মনে হচ্ছিল দ্বিতীয়ার্ধেও গোলের বন্যা বইয়ে দেবে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু কোথায় কী! সাহাল, সুহেলরা নিজেদের ছায়া হয়েই থাকলেন। গোল করা তো দূর অস্ত, উলটে ৭৫ মিনিটে বক্সে হ্যান্ডবল করে পেনাল্টি উপহার দিলেন রাজ বাসফোর। স্পটকিক থেকে জাল কাঁপান ইরফান (৫-১)।