


পাটনা, ১৭ আগস্ট: শ্রাবণ মাসের শেষ সোমবারে বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে ভক্তদের উপচেপড়া ভির ছিল। সেই ভিরেই ঘটেগেল মারাত্মক দুর্ঘটনা। মন্দিরে সোমবার সকালে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত সাত জন পুণ্যার্থী প্রাণ হারালেন। বেশ কয়েকজন গুরুতর আহতও হয়েছেন বলে খবর স্থানীয় সূত্রে। আহতদের উদ্ধার করে লখিসরাই হাসপাতালে স্থানান্তরির করে চিকিৎসা শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শিবের পুজো দিতে ভোর থেকেই অশোকধাম মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। সেই সময় আচমকাই একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যায়। এরপর ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সেখানেই পদপিষ্ট হন বেশ কয়েকজন মানুষ। অন্যদিকে, ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মন্দিরের প্রবেশপথের কাছে প্রায় ১০০ জন ব্যারিকেড ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁর অভিযোগ, ওই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। পিছন থেকে ধাক্কাধাক্কির জেরে একসময় ব্যারিকেড ভেঙে যায় এবং বহু মানুষ একে অপরের উপর পড়ে যান। তার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে। আরো অভিযোগ, পড়ে যাওয়া মানুষদের উপর দিয়েই ভিড়ের অনেকে এগিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তিনি জানান, তাঁর স্ত্রীও ভিড়ের মধ্যে আটকে পড়েছিলেন এবং ঘটনার পর কিছু সময়ের জন্য তিনি তাঁর মেয়ের সন্ধান পাচ্ছিলেন না।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানান, 'বিপুল ভিড়ের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এদিন ভিড়ের পরিমাণ এতটাই ছিল যে ভিড়ের চাপে একদিকে ব্যারিকেড ভেঙে পড়ে এবং একের পর এক মানুষ মাটিতে পড়ে যান। ব্যারিকেড ভেঙে পড়ার খবর পাওয়ার পর প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং প্রায় ১০-১৫ জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।'
অশোকধাম মন্দির চত্বরে এর আগেও পদপিষ্টের ঘটনা ঘটেছে। ২০১৯ সালের ১২ অগস্ট, শ্রাবণ মাসেই মন্দিরে পদপিষ্ট হয়ে এক জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন আরও প্রায় ১৫ জন।