


জলন্ধর: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বিশ্বের প্রবীণতম ম্যারাথনার ফৌজা সিংয়ের। রবিবার তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং রাজ্যের মন্ত্রী মহিন্দর ভগত সহ বহু বিশিষ্ট ব্যক্তি। উল্লেখ্য, গত সোমবার ১১৪ বছর বয়সি প্রবীণতম ম্যারাথনার ফৌজা জলন্ধরে নিজের গ্রাম বিয়াস পিণ্ডতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁকে গাড়ির ধাক্কা দেওয়ার অভিযোগে বুধবার কানাডার এনআরআই যুবক ২৬ বছর বয়সি অমৃতপাল সিং ধিলোঁকে জলন্ধরের কর্তারপুর থেকে গ্রেপ্তার করে পুলিস।
প্রয়াত ফৌজা সিংকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে এদিন সকাল থেকেই যেন জনতার ঢল নামে। সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর দেহ কাঁচের কাসকেটে রেখে দেওয়া হয়। তার বাইরে ছিল ফৌজার ছবি। এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া শ্মশানে। সে সময় গাড়ির পিছনে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে সাধারণ মানুষের লম্বা লাইন। ফৌজার মুখাগ্নি করেন তাঁর ছেলে হরবিন্দর সিং। দৌড়ের পাশাপাশি নানা সামাজিক কাজেও যুক্ত ছিলেন ফৌজা। রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার কথায় উঠে এল এমনই একটি ঘটনা। রাজ্যপাল বলেন, গত বছর ‘নেশা মুক্ত যাত্রা’ নামে সচেতনতা কর্মসূচি পালন করেন প্রশাসন। সেই কর্মসূচির মধ্যমণি ছিলেন ফৌজা। এক কিলোমিটার হাঁটার পর ফৌজাকে বয়সের কারণে এবং স্বাস্থ্যের কথা ভেবে থামিয়ে দেওয়া হয়। তবে ফৌজা সব বাধা তুচ্ছ করে সকলের সঙ্গে হেঁটে যান। ছবি: পিটিআই