


কটক, ১৬ মার্চ: ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন রোগীর। প্রত্যেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আইসিইউতে সোমবার ভোর ৩টে নাগাদ আচমকা আগুন লেগে যায়। আগুন দ্রুত ওয়ার্ডে ছড়িয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হাসপাতালের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করলেও ১০ জনকে বাঁচানো যায়নি। তবে ট্রমা কেয়ার ইউনিট থেকে মোট ২৩ জন রোগীকে অন্যত্র সরানো সম্ভব হয়েছে। আগুনে অন্তত ১১ জন হাসপাতালের কর্মী আহত হয়েছেনে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থলে যান। তিনি মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিইউতেই সাত জন রোগীর মৃত্যু হয়েছে। অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়ার সময় আরও তিন জনের মৃত্যু হয়।
মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি জানান, তদন্ত করে দেখা হবে কি কারণে এই অগ্নিকাণ্ড। তদন্তে কারও গাফিলতি প্রমাণ হলে তার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে।