


সংবাদদাতা, বজবজ: রবিবার সকালে শিয়ালদহ-বজবজ শাখার সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে একটি চায়ের দোকানে আগুন লাগে। ওই দোকান সহ সংলগ্ন আরও সাত থেকে দশটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন এতটাই প্রবল ছিল যে ওই শাখায় প্রায় দু’ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। রবীন্দ্রনগর থানা, রেল পুলিস ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকলের চারটি ইঞ্জিন দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ঘটনার সময় হাওয়ার গতি বেশি থাকলে আরও অনেকগুলি দোকান ক্ষতিগ্রস্ত হতে পারত বলে মনে করছেন স্থানীয় লোকজন। দমকল ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সন্তোষপুর স্টেশনের ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মজুড়ে বেআইনিভাবে অনেক দোকান বসে রয়েছে। ওই দোকানগুলিতে দাহ্য বস্তু ঠাসা থাকছে। রয়েছে চায়ের দোকানও। এর আগেও এই প্ল্যাটফর্মেই একটি দোকানে আগুন লেগেছিল। কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নিত্যযাত্রীদের অভিযোগ, এই সব বেআইনি দোকানের জন্য হাঁটাচলারও সমস্যা হয়। এদিন যখন আগুন লাগে, সংলগ্ন অংশের অনেক দোকানদার তাঁদের সব জিনিসপত্র টেনে রেললাইনের উপর ফেলে দেন। তাতে কিছু জিনিস রক্ষা হলেও সবটা বাঁচানো যায়নি। রেল পুলিসের এক আধিকারিক বলেন, ‘এই স্টেশনে বেআইনি দোকানদারদের রমরমার পিছনে রাজনৈতিক প্রভাবশালীদের মদত রয়েছে। তাই উচ্ছেদের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।’