


নয়াদিল্লি, ৩১ অক্টোবর: মর্মান্তিক ঘটনা। দিল্লির মঙ্গোলপুরি শিল্পাঞ্চলের ফেজ-১ এলাকায় একটি জুতো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় মৃত্যু হল মোট ৪ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ২ জন। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ কারখানার বেসমেন্টে আগুন লাগে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ।
দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নেভানোর জন্য মোট ২০টি ইঞ্জিন পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কারখানার ভিতর থেকে অচেতন অবস্থায় মোট ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানে কর্মরত চিকিৎসক ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন । বাকি ২ জন চিকিৎসাধীন।
দমকল মারফত জানা গিয়েছে, আগুন প্রথমে কারখানার বেসমেন্টে লাগে। ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হয়। তৃতীয় তলার সিঁড়ি থেকে ১ জন এবং চতুর্থ তলা থেকে ৫ জনকে উদ্ধার করা হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অপরদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারখানার মালিককে তলব করা হয়েছে। পাশাপাশি ঠিকাদার ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে কারখানায় মোট কতজন শ্রমিক উপস্থিত ছিলেন তা জানার চেষ্টা চলছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।