


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতা শহরের ব্যস্ততম জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শহরের প্রাণকেন্দ্রে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের পিছনে অবস্থিত একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে ছড়াল আতঙ্ক। বিবার গভীর রাতে একটি বিল্ডিংয়ের বহুতলে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অন্তত ১০টি ইঞ্জিন।
দমকল সূত্রের খবর, রবিবার গভীর রাতে আগুন লাগার পর থেকেই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। সোমবার সকালেও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। বহুতলের উপর থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে প্রথমে স্থানীয়রাই দমকলকে খবর দেন। এরপর একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে নামে। ঘটনাস্থলের কাছেই রয়েছে রাইটার্স বিল্ডিং। এই ভবনে এখনও বেশ কয়েকটি সরকারি দপ্তর রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের এত কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় এলাকায়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই আশপাশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে দমকলের প্রাথমিক তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। যদিও সম্পূর্ণভাবে আগুন নেভাতে আরও কিছুটা সময় লাগবে। কীভাবে আগুন লাগল, বহুতলের কোন অংশ থেকে তার সূত্রপাত এবং কী কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের খবর নেই।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র তিন দিন আগেই দক্ষিণ কলকাতার সাউথ সিটি কম্পলেক্সের একটি বহুতল আবাসনে আগুন লাগে। সাতটি দমকলের ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের বহুতলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।