


প্যারিস: ব্লকবাস্টার ম্যাচের অপেক্ষায় রোলাঁ গারো। রবিবার ফরাসি ওপেনে পুরুষদের ফাইনালে জানিক সিনার বনাম কার্লোস আলকারাজের ধুন্ধুমার দ্বৈরথ। টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় বাছাইয়ের লড়াই ঘিরে উন্মাদনা তুঙ্গে। কাকতলীয়ভাবে মহিলাদের খেতাবি লড়াইয়েও মুখোমুখি হন দুই শীর্ষ বাছাই (সাবালেঙ্কা ও কোকো গফ), যা ৪১ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনছে। লাল সুরকির কোর্টে সেবার মার্টিনা নাভ্রাতিলোভার চ্যালেঞ্জার ছিলেন ক্রিস এভার্ট। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে জন ম্যাকেনরো বনাম ইভান লেন্ডলের ম্যাচ ঘিরে তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। ১৯৮৪-র পুনরাবৃত্তি ঘটল চলতি ফরাসি ওপেনে।
কয়েকদিন আগেই ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হন আলকারাজ ও সিনার। স্প্যানিশ তরুণ জিতলেও এবার টেক্কা দিতে তৈরি সিনার। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। অথচ ডোপ কেলেঙ্কারিতে অভিযুক্ত সিনারের টেনিস ভবিষ্যৎই ছিল অনিশ্চিত। তিন মাসের নির্বাসন কাটিয়ে ফেরার পর তিনি অনেক বেশি সতর্ক ও পরিণত। প্রবল মানসিক টানাপোড়েন সামনে মানসিকভাবেও শক্তিশালী। কোর্টে ফিরে ক্রমশই নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি। আইফেল টাওয়ারের শহরে কোনও সেট না হারিয়ে ফাইনালে পৌঁছেছেন ১ নম্বর তারকা। এমনকী, দুর্ধর্ষ সিনারের থেকে সেট কাড়তে ব্যর্থ হয়েছেন জকোভিচও। শেষ চারে সার্বিয়ান তারকাকে স্ট্রেট সেটে বশ মানান সিনার। ৩ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ের শেষদিকে ক্লান্ত দেখায় সার্বিয়ান কিংবদন্তিকে। ৬-৪, ৭-৫, ৭-৬ স্কোরবোর্ড দেখে অনেকেই বিস্মিত। অনুরাগীদের অভিবাদন জানিয়ে কোর্ট প্রণাম করে লকার রুমে ফেরেন জকোভিচ। ৩৮ বছরের জোকার কী অবসরের ভাবনা উস্কে দিলেন? প্রশ্ন থাকছেই। ২৪ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচের মন্তব্য কৌতূহল আরও বাড়াচ্ছে। বলেছেন, ‘আমি খেলতে চাই। কিন্তু রোলাঁ গারোয় ফিরব কী না এখনই বলা অসম্ভব।’ ইস্পাতকঠিন সার্বিয়ানকে এতটা আবেগাপ্লুত আগে দেখা যায়নি। পাশাপাশি সিনারকে দেখেও মুগ্ধ মহাতারকা। ম্যাচের পর জকোভিচও মুক্তকণ্ঠে বলে গিয়েছেন, ‘কেন সেরা তা ফের দেখাল সিনার।’ অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন জেতার টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার হাতছানি সিনারের সামনে।
খেতাব ধরে রাখতে মরিয়া আলকারাজও। গতবারের বিজয়ী তিনি। রাফায়েল নাদালের অবসরের পর টেনিস কোর্টে আলকারাজই স্পেনের মুখ। সিনারের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতেও এগিয়ে তিনি। শেষ চারটি সাক্ষাতেই সিনারকে বশ মানিয়েছেন আলকারাজ। দুরন্ত সার্ভ, বেসলাইন নির্ভর পাওয়ার টেনিস, ক্রস কোর্ট মুভে অন্যতম সেরা তিনিই। ফরাসি ওপেন জিতে ট্রফি ক্যাবিনেটে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম সাজাতে মরিয়া তিনি।