


মেক্সিকো সিটি: হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল তারা। তবে পরের দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথমবার কাপযুদ্ধের নক-আউটের টিকিট পাকা করল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারাল হুগো ব্রুসের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলটি থাপেলো মাসেকোর। উল্লেখ্য, ২০১০ সালের পর এবারই মূলপর্বের যোগ্যতা অর্জন করে তারা। সব মিলিয়ে পঞ্চমবারের প্রচেষ্টায় অবশেষে গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে সফল দক্ষিণ আফ্রিকা। গ্রুপের অন্য ম্যাচে চেকিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতল মেক্সিকো। ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিকের সুবাদে গ্রুপ এ’র শীর্ষে থেকেই পরের রাউন্ডে পৌঁছাল হাভিয়ের আগুইরের ছেলেরা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে মাতেও চাভেজ, জুলিয়ান কুইনোনেজ ও আলভারো ফিদালগো।
এদিকে, গ্রুপ সি’র ম্যাচে হাইতির বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল মরক্কো। বুধবার ৪-২ গোলে জিতলেন আচরাফ হাকিমিরা। সেই সুবাদে গ্রুপ রানার্স হয়ে পরের রাউন্ডের টিকিট পাকা করল গতবারের অন্যতম সেমি-ফাইনালিস্ট। ম্যাচে মরক্কোর হয়ে জাল কাঁপান হাকিমি, ইসমায়েল সাইবারি, সৌফিয়ানে রহিমি ও গেসিমে ইয়াসিন। এই জয়ের সুবাদে তিন ম্যাচে মরক্কানদের পয়েন্ট দাঁড়াল ৭। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল।