


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালে শহরে পা রেখেই সোমবার বিকেলে ইস্ট বেঙ্গল অনুশীলনে হাজির কেভিন সিবলে। আইএসএলের শুরুর আগে চোট পেয়ে দেশে ফিরেছিলেন এই আর্জেন্তাইন ডিফেন্ডার। পুরো সুস্থ না হলেও তড়িঘড়ি তাঁকে উড়িয়ে আনল টিম ম্যানেজমেন্ট। সিবলে ফেরার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গলে বসন্তের ছোঁয়া। অনুশীলন শেষে লাল-হলুদ-নীল আবিরে মুখ রাঙিয়ে গোয়া ম্যাচে জয়ে ফেরার অঙ্গীকারে মাঠ ছাড়লেন বিপিন সিংরা। সাগ্রহে রঙিন হলেন বিদেশি ফুটবলাররাও। এই পর্বে বাড়তি উৎসাহ ছিল মিগুয়েলের।
প্র্যাকটিসে যোগ দিলেও এদিন হালকা গা ঘামিয়েই অনুশীলন শেষ করলেন সিবলে। ফিজিওর তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ রিহ্যাব সারলেন মেসির দেশের ডিফেন্ডারটি। তবে এখনই তাঁকে খেলানোর ভাবনা নেই কোচ ব্রুজোঁর। আপাতত রিহ্যাব করতে হবে তাঁকে। তারপর চিকিৎসকের পরামর্শ নিয়েই মাঠে ফেরানোর পরিকল্পনা তৈরি করবেন লাল-হলুদ কোচ। সাউল ক্রেসপোকেও এদিন ফিজিওর সঙ্গেই অনুশীলন সারতে দেখা গেল। তবে তিনি বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর যোগ দেন রিহ্যাবে। বাকিরা পুরোদমেই ম্যাচ সিচুয়েশনের মহড়া সারলেন।
গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে থমকে গিয়েছিল ইস্ট বেঙ্গলের মাঝমাঠ। প্রণয় হালদারকে দিয়ে মিগুয়েলকে রুখে দিয়েছিলেন আওয়েন কোয়েল। তাই চিন্তার চওড়া ভাঁজ স্প্যানিশ কোচের কপালে। নবাগত বিদেশি অ্যান্টনও প্রথম ম্যাচে ডাহা ফেল। তবে ড্যানিশ ফুটবলার স্ট্রাইকার পজিশনের ফুটবলার। তাঁকে কোচ অস্কার ব্যবহার করেছিলেন মাঝমাঠে। চটজলদি নতুন জায়গায় ধাতস্থ হতে পারেননি তিনি। এদিন তাই মাঝমাঠ নিয়েই বেশি কাজ করতে দেখা গেল লাল-হলুদ হেড স্যারকে। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে এফসি গোয়ার মুখোমুখি হবে মশাল বাহিনী। তার আগে দলের ভুলত্রুটি শুধরে নেওয়াই চ্যালেঞ্জ কোচ অস্কারের সামনে।