


হিরোশিকে ছাড়তে চলেছে ইস্ট বেঙ্গল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘জাপানি বোমা কোথায়? এ তো কালি পটকাও নয়!’ হিরোশি ইবুশাকিকে দেখে এমনটাই চর্চা লাল-হলুদ সমর্থকদের। সুপার কাপে ফাইনালে ক্ষমার অযোগ্য সব মিস করে দলকে ডুবিয়েছেন জাপানি স্ট্রাইকার। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকারের পা তো চলেই না, হেড পর্যন্ত দুর্বল। কার পরামর্শে এমন অচল আধুলিকে দলে নেওয়া হয়েছিল? উত্তরটা সবারই জানা। কোচ অস্কার ব্রুজোঁ এবং তাঁর ছায়াসঙ্গী থংবই সিংটোর। শেষ পর্যন্ত অবশ্য টনক নড়েছে ম্যানেজমেন্টের। হিরোশি ইবুশাকিকে ছেড়ে দিচ্ছে লাল-হলুদ দল। তাঁর সঙ্গে চুক্তি বাতিলের ব্যাপারে আইনজীবীর সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। যা খবর তাতে, আগামী দু’একদিনের মধ্যে হিরোশির হাতে জাপানের বিমানের টিকিট ধরিয়ে দেওয়া হবে। তবে তাঁর পরিবর্ত হিসেবে নতুন স্ট্রাইকার নেওয়া হবে কি? এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার ১৩ ম্যাচের আইএসএল। সূত্রের খবর, তাই ম্যানেজমেন্ট চাইছে, ভারতীয় স্ট্রাইকার ডেভিড ও জেসিনকে দিয়েই কাজ চালাতে। কোচ অস্কার ব্রুজোঁ অবশ্য নতুন বিদেশি স্ট্রাইকার চেয়েছেন। ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও বুধবার নতুন বিদেশি নেওয়ার ব্যাপারে বলেছিলেন। এখন শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার। তবে হিরোশির বিদায় নিশ্চিত।
যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে বৃহস্পতিবারের অনুশীলনেও বেশ সাদামাটা দেখাল হিরোশিকে। তবে লাল-হলুদ মাঝমাঠ বেশ সক্রিয়। সাউল, রশিদদের বেশ চনমনে লাগল। এদিন অনুশীলনে যোগ দিলেন মিগুয়েলও। এই ত্রয়ীই আসন্ন আইএসএলে স্বপ্ন দেখাচ্ছেন ইস্ট বেঙ্গলকে। আনোয়ার আলি পুরোপুরি ফিট নন। এদিন আসেননি অনুশীলনে। তবে আর্জেন্তাইন ডিফেন্ডার সিবলে পুরোদমে অনুশীলন করেছেন।
দিমিকে গুরুত্ব দিচ্ছেন লোবেরা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন জনতার প্রাণভ্রমরা তিনি। কিন্তু হোসে মোলিনার আমলে ফিটনেস সমস্যায় ভুগেছেন তিনি। তাই ঠাঁই হয়েছিল সাইড লাইনে। তবে সের্গিও লোবেরার প্রশিক্ষণে যথেষ্ট চনমনে দিমিত্রি পেত্রাতোস। শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলেছেন। নতুন কোচও তাঁকে গুরুত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার সিচুয়েশন প্র্যাকটিসে পেত্রাতোসকে উইথড্রন স্ট্রাইকারে রেখেই খেলালেন লোবেরা। অল্প সময়েই লেফট উইং-হাফ রবসন রবিনহোর সঙ্গে তাঁর দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে। এদিন প্র্যাকটিসের শেষে দিমিত্রির সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা গেল কোচকে। আর দিমিত্রি, রবসন, কামিংস সহ পুরো টিমকে বেশ ফিটও দেখাচ্ছে। আগামী ১১ জানুয়ারি সল্টলেক স্টেডিয়ামের অনুশীলন মাঠে নিজেদের রিজার্ভ দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলবেন কামিংসরা। তবে প্লেয়ারদের ফিটনেস আরও বাড়াতে আরও কয়েকটি প্র্যাকটিস ম্যাচ চাইছেন লোবেরা। সেক্ষেত্রে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলতে পারে মোহন বাগান। কারণ, তারা কলকাতাতেই শিবির করবে। অর্থাৎ আইএসএলে বল গড়ানোর আগেই লোবেরা-হাবাস দ্বৈরথ দেখা যেতে পারে।
দীর্ঘ অনিশ্চয়তার পর জট কেটেছে আইএসএল নিয়ে। স্বাভাবিকভাবেই স্বস্তিতে ক্লাবগুলি। এদিন মোহন বাগানের অনুশীলনেও সেই আঁচ ঠাহর করা গেল। লোবেরা যুগে নতুন নিয়ম, টিমের প্রতিটি সদস্যকে সমান গুরুত্ব দিতে হবে। তাই কোচ-সাপোর্ট স্টাফদের সঙ্গে হাত মিলিয়ে শুরু হল অনুশীলন। ওয়ার্ম-আপ ও ফিজিক্যাল ট্রেনিংয়ের সময় রীতিমতো চনমনে সবুজ-মেরুন ব্রিগেড। অনুশীলনের ফাঁকে খুনসুটিতেও মাতলেন কামিংস। তবে সিচুয়েশন প্র্যাকটিসে কঠোর হেডমাস্টার লোবেরা। মাঠ ছোট করে খেলালেন তিনি। এই পর্বে বিশেষভাবে নজর কাড়লেন রবসন। পছন্দের পজিশন লেফট উইংয়ে দারুণ সাবলীল দেখাল তাঁকে। সাম্বার দেশের ফরোয়ার্ড রীতিমতো খাবি খাওয়ালেন বিপক্ষ ডিফেন্ডারদের। তবে গোলরক্ষক বিশাল কাইথের সামান্য চোট রয়েছে। তাই এদিন তিনি হাল্কা প্র্যাকটিস করলেন।