


বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ভোটমুখী অসমে প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী উভয় শিবির। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম রাজ্য। এরই মধ্যে ভোটের প্রচারে এসে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন অসমের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তাঁর দাবি, দিল্লি থেকে হিমন্তকে নিয়ন্ত্রণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিমন্ত আসলে ‘মোদির হাতের পুতুল’। রাহুল দাবি করেন, ‘দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত। একথা সবার জানা।’
মোদি নিজেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কন্ট্রোলে’ চলেন বলে রায়বেরিলির কংগ্রেস সাংসদ কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, বর্তমানে অসমে বৃহৎ কর্পোরেট গোষ্ঠীগুলির হাতে বিপুল পরিমাণ জমি তুলে দেওয়া হচ্ছে। ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনেও সরব হয়েছেন রায়বেরিলির সাংসদ। তাঁর অভিযোগ, এই চুক্তি ভারতের কৃষি, জ্বালানি নিরাপত্তা এবং ডেটা সংক্রান্ত সার্বভৌমত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁর দাবি, ভারতীয় কৃষিক্ষেত্রকে আমেরিকার সঙ্গে প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়া হলে দেশের কৃষকদের মারাত্মক ক্ষতি হতে পারে। পাশাপাশি জ্বালানি আমদানি সংক্রান্ত সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও বাইরের প্রভাব বাড়ার আশঙ্কা রয়েছে। চুক্তিতে আমেরিকান কোম্পানিগুলো থেকে বিপুল পরিমাণ পণ্য সংগ্রহের বাধ্যবাধকতা রয়েছে। এতে ভারতের ক্ষুদ্র ব্যবসা এবং এমএসএমই-গুলোর উপর প্রভাব পড়তে পারে। রাহুলের অভিযোগ, ‘ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মোদির উপর প্রভাব বিস্তার করছেন এবং প্রধানমন্ত্রী তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।’