


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও সঙ্কটে মহমেডান স্পোর্টিং। এবার ফিফার ট্রান্সফার ব্যানের আওতায় পড়ল রেড রোডের পাশের ক্লাব। নির্বাসন না ওঠা পর্যন্ত কোনও ফুটবলার সই করাতে পারবে না মহমেডান স্পোর্টিং। ভারতীয় ফুটবলারের পাশাপাশি বিদেশি রিক্রুটেও রয়েছে নিষেধাজ্ঞা। উল্লেখ্য, কয়েকদিন আগেই ফেডারেশনের ট্রান্সফার ব্যানের কোপের মুখে পড়ে সাদা-কালো ব্রিগেড। অনেক কাঠখড় পুড়িয়ে বুধবার রাতে আর্থিক জরিমানার টাকা জমা দেয় টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া লিগের পাশাপাশি ডুরান্ড কাপের জন্য কয়েকজন ফুটবলারকে সই করাতে মরিয়া ছিলেন কর্তারা। কিন্তু এবার ফিফা’র আরোপিত নির্বাসনে মাথায় হাত থিঙ্কট্যাঙ্কের। উল্লেখ্য, মহমেডান স্পোর্টিংয়ের হয়ে গত আইএসএলে খেলেছিলেন উজবেকিস্তানের ফুটবলার কাসিমভ। কিন্তু বকেয়া প্রায় ৩৫ লক্ষ টাকা না মেলায় ফিফায় নালিশ ঠুকেছিলেন তিনি। বৃহস্পতিবার ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে ই-মেল পৌঁছয় ফেডারেশনের কাছে। জানানো হয়েছে, টাকা না মেটানো পর্যন্ত বহাল থাকবে ট্রান্সফার ব্যান। শুধু কাসিমভ নন, কোচ চেরনিশভও ফিফায় অভিযোগ করেছেন। তাঁর প্রাপ্য টাকা না মেটালে আরও একবার নির্বাসন নিশ্চিত।
এই সমস্যার মধ্যেই শুক্রবার ঘরোয়া লিগে মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। বারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ ক্যালকাটা পুলিস। ট্রান্সফার ব্যানের পর রবি হাঁসদা, হীরা মন্ডলদের এই মুহূর্তে সই করানো সম্ভব নয়। অগত্যা দলের জুনিয়র ব্রিগেডের উপর ভরসা রেখেই ঘরোয়া লিগে আপাতত ভালো শুরু করাই মূল লক্ষ্য কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর।
বারাকপুরে ম্যাচ শুরু দুপুর ৩টে। সম্প্রচার এসএসইন অ্যাপে।