


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারিয়ে গতবার ঘরোয়া হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মোহন বাগান। গঙ্গাপাড়ের ক্লাব চলতি মরশুমেও অপ্রতিরোধ্য। রবিবার যুবভারতীর টার্ফে কলকাতা হকি লিগের ডার্বিতে বড় ব্যবধানে জিতল মোহন বাগান। এদিন ৪-১ গোলে ইস্ট বেঙ্গলকে পরাস্ত করে সিমরনজিৎ সিংয়ের দল। প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে রাহিলের লক্ষ্যভেদে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড (১-০)। ফিল্ড গোলেই ব্যবধান বাড়ান ববি সিং (২-০)। চতুর্থ কোয়ার্টারে আধিপত্য দেখিয়ে আরও দু’গোল চাপিয়ে দেয় মোহন বাগান। শ্রেয়স (৩-০) ও ববি (৪-০) গোলদাতা। ইস্ট বেঙ্গলের হয়ে ব্যবধান কমান সিমরনজ্যোৎ সিং (৪-১)। টানা ৪ ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহন বাগান। ইস্ট বেঙ্গলের পয়েন্ট ৪ ম্যাচে ৭।