


নর্থ ইস্ট- ১ (জিতিন) : মোহন বাগান-০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ শিল্ডে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৭ গোল দিয়েছিল ইস্ট বেঙ্গল। কিন্তু মানসিকভাবে দুমড়ে থাকা আলেদাইনরাই চমকে দিল মোহন বাগানকে। আইএসএলের প্রথম ম্যাচে নর্থ ইস্টের কাছে ০-১ গোলে হার পানোস ব্রিগেডের। কয়েকদিন আগে শিল্ড জিতে হাওয়ায় উড়ছিল মোহন বাগান। প্রত্যাশার বেলুনে পিন ফোটালেন জিতিন এমএস। তাঁর গোলেই পাহাড় থেকে মাটিতে মিগুয়েলরা। ম্যাচের পর হতাশ কোচ পানোসের মন্তব্য, ‘সুযোগ নষ্টেই হার। সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।’
ময়দানে চেনা প্রবাদ, ম্যাচের শুরুতে পোস্টে বল লাগা অশনি সংকেত। এদিন গুয়াহাটিতে ৭ মিনিটে লি আরউইনের ভলি ক্রসপিসে প্রতিহত হয়। তা দেখে প্রমাদ গুনেছিলেন মোহন বাগান সমর্থকরা। তবে খালি হাতে ফিরতে হবে ভাবতে পারেননি কেউই। বরং অ্যাওয়ে ম্যাচে তেড়েফুঁড়ে শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এই পর্বে উইং কাজে লাগিয়ে ক্রমাগত আক্রমণ শানালেন ছাংতে, ড্র্যাজিচরা। এই পর্বে বারবার ওভারল্যাপে আসতে দেখা গেল অভিষেক টেকচামকে। ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটাই। তবে চাপ থাকলেও লিড নিতে ব্যর্থ পানোস ব্রিগেড। গোল তো এলই না, উলটে সময় গড়ানোর সঙ্গেই ম্যাচ থেকে হারিয়ে গেলেন সাহালরা। মাঝমাঠে মিস পাসের ছড়াছড়ি। এর পাশাপাশি খুচরো ফাউলে তাল কাটল ম্যাচের। অন্যদিকে, তেমন বিপজ্জনক দেখায়নি নর্থ ইস্টকেও। আলেদাইনকে রুখতে জেলকোভিচকে অনভ্যস্ত রাইট উইংয়ে খেলালেন পানোস। ১৫ মিনিটে একবারই আলবার্তোকে টপকে বেরিয়ে গিয়েছিলেন মরক্কান গোলমেশিন। তবে দারুণভাবে শরীর ছুড়ে শট বাঁচান আলবার্তোই।
বেগতিক বুঝে দ্বিতীয়ার্ধে মিগুয়েল, মনবীর, লিস্টনদের নামিয়ে দিলেন গ্রিক কোচ। ৫৪ মিনিটে সহজতম সুযোগ নষ্ট আরউইনের। এক্ষেত্রে পরমবীরের পা থেকে বল স্ন্যাচ করে পাস বাড়ান সাহাল। ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি লি। প্রয়াত সচিব অঞ্জন মিত্র থাকলে হয়তো মিষ্টির প্যাকেট ধরিয়ে এদিনই বিদায় করতেন তাঁকে। বোঝা গেল, ম্যাকলারেনকে দরকার দ্রুত। পরিবর্ত হিসাবে নামা মিগুয়েল ও লিস্টনও একেবারে নিষ্প্রভ। সুহেলের শট ক্রসপিসে লেগে বাইরে যায়। সংযোজিত সময়ে লক্ষ্যভেদ জিতিনের। এক্ষেত্রে মোয়ানোর শট বিশালের হাতে লেগে পোস্টে প্রতিহত হয়। ফিরতি বলে জাল কাঁপাতে ভুল করেননি জিতিন (১-০)। এদিকে শীর্ষ লিগের টেলিভিশন সম্প্রচার নিয়ে জট অব্যাহত। অ্যাপে ম্যাচ দেখা গেলেও টিভিতে সম্প্রচার হয়নি। ফলে বিরক্ত অনুরাগীরা।
মোহন বাগান: বিশাল, মেহতাব, রাহুল, আলবার্তো, অভিষেক, আপুইয়া, সাহাল (লিস্টন), ড্র্যাজিচ (সুহেল), জেলকোভিচ (অনিরুদ্ধ), ছাংতে (মনবীর) ও আরউইন (মিগুয়েল)।