


সংবাদদাতা, হলদিয়া: সাতসকালেই পাকড়াও দুই ছিনতাইকারী মহিলা। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ব্রজলালচকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযোগ, বাসে যাত্রা করার সময় এক প্রবীণ শিক্ষকের ব্যাগ থেকে দুই মহিলা দুই লক্ষ টাকা ছিনতাই করে।
সূত্র মারফত জানা গিয়েছে, ওই শিক্ষক চৈতন্যপুর থেকে বাসে চেপে ব্রজলালচকে আসেন। এরপর বাস বদল করে তিনি যখন কলকাতাগামী সরকারি বাসে উঠছিলেন, সেইসময়ই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে তাঁর সঙ্গে। ছিনতাইকারী দুই মহিলা চৈতন্যপুর থেকেই ওই শিক্ষককে নজরে নজরে রাখছিল। এরপর সুযোগ বুঝেই ছিনতাই করে তারা বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে পালাচ্ছিল। ওই সময়ে শিক্ষক চিৎকার করায় স্থানীয় মানুষজন ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। এরপর শিক্ষকের কাছ থেকে ছিনতাইয়ের কথা শুনে খোঁজ শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থল ছাড়ার আগেই দুই ছিনতাইকারী মহিলাকে ধরে ফেলেন স্থানীয়রা। তল্লাশিতে ব্যাগ থেকে শিক্ষকের খোয়া যাওয়া দুই লক্ষ টাকা পাওয়া যায়। তাদের ব্রজলালচক মোড়ের ট্রাফিক বুথে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুই মহিলাকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তাদের জেরা করে আরও কোনো তথ্য পাওয়া যায় কি না তা খতিয়ে দেখছেন তাঁরা।