


নয়াদিল্লি: ফের কামাল ভারতীয় সেনাবাহিনীর। হিমালয়ের ১৬ হাজার ফুট উচ্চতায় রসদ সরবরাহের জন্য মনোরেল সিস্টেম তৈরি করল ভারতীয় সেনার গজরাজ কর্পস। সেনা সূত্রে খবর, অরুণাচলের কামেং হিমালয় অংশে নতুন সিস্টেম ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। হিমালয়ের দুর্গম এলাকা দিয়ে নির্বিঘ্নে রসদ পৌঁছে দিচ্ছে সবচেয়ে দূরের সেনাছাউনিতেও।
হিমালয়ের এই দুর্গম এলাকায় আবহাওয়া যেমন অনিশ্চিত, তেমনই ভৌগোলিক পরিবেশও প্রতিকূল। খাড়াই পাহাড় ও অতিরিক্ত তুষারপাতের ফলে প্রায়ই সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় রসদ পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি মোকাবিলা করতেই মনোরেলের পরিকল্পনা নিয়েছিল গজরাজ কর্পস। জানা গিয়েছে, একবারে ৩০০ কেজির বেশি ওজনের খাবার, অস্ত্র, জ্বালানির পাশাপাশি ভারী জিনিসপত্রও দুর্গম এলাকার সেনাছাউনিতে পৌঁছানো সম্ভব হবে। দিন বা রাতের যে কোনও সময়ে, যে কোনও আবহাওয়ায় রসদ সরবরাহ করতে পারবে এই মনোরেল সিস্টেম। এমনকি তুষারঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়েরও কোনও প্রভাব এর উপর পড়বে না। পাশাপাশি এই সিস্টেম চালাতে প্রয়োজন নেই কোনও এসকর্ট বা পথপ্রদর্শকেরও। মনে করা হচ্ছে শুধু রসদ সরবরাহ নয়, অদূর ভবিষ্যতে আহত সেনাকর্মীদের উদ্ধারের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। প্রতিকূল আবহাওয়ায় যখন হেলিকপ্টার ওড়ানো সম্ভব নয়, তখন বিকল্প হয়ে উঠতে পারে এই সিস্টেম। পাশাপাশি দুর্গম পার্বত্য এলাকা থেকে পায়ে হেঁটে কোনও আহত সেনাকর্মীকে নামিয়ে আনার চেয়ে এই মনোরেল অনেক বেশি নিরাপদ ও কার্যকর বিকল্প বলেই মনে করা হচ্ছে।