


মুম্বই, ১৯ আগস্ট: অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বই। জলে ডুবেছে আন্ধেরি, বান্দ্রার মতো এলাকা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জমেছে জল। ধীরে চলছে ট্রেন ও বাস। ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবা। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এর মাঝেই আজ, মঙ্গলবার সন্ধ্যায় বড়সড় বিপর্যয় ঘটেছে। প্রায় ৫০০ যাত্রী নিয়ে মাঝপথেই দাঁড়িয়ে যায় মোনোরেলের একটি রেক। পর্যাপ্ত বিদ্যুৎ না পেয়ে এক স্টেশন থেকে আর এক স্টেশনে যেতে পারেনি মোনোরেলের রেকটি। যার ফলে মাঝপথেই বিদ্যুৎহীন অবস্থায় দাঁড়িয়ে পড়ে রেকটি। সেই সময়ে ভিতরে ছিলেন প্রায় ৫০০ যাত্রী।
ঘটনাটি ঘটে মহিসূর কলোনি ও ভক্তি পার্ক স্টেশনের মাঝে। তড়িঘড়ি উদ্ধারকাজের জন্য পৌঁছয় দমকল ও মোনোরেলের আধিকারিকরা। দমকলের তরফে ল্যাডার ব্যবহার করে উদ্ধার করা হয় মোনোরেলের রেকে আটকে থাকা যাত্রীদের। পরিস্থিতির কথা মাথায় রেখে ভেঙে ফেলা হয় মোনোরেলের একটি রেকের জানলার কাচও। প্রায় দু’ঘণ্টা ধরে মোনোরেলটি একই জায়গায় আটকে ছিল। তার ভিতরেই ছিলেন যাত্রীরা। অনেকে অসুস্থ হয়ে পড়ায়, তাদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। কীভাবে এত বড় বিপর্যয় ঘটল? তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন, মুম্বই মেট্রোপলিটন রিজিওন ডেভলপমেন্ট অথরিটির এক আধিকারিক। পাশাপাশি আটকে থাকা ওই মোনোরেলের রেকটির মেরামতি চলছে বলেও জানিয়েছেন তিনি।