


হায়দরাবাদ, ১৩ অক্টোবর: মায়ের করা কালাজাদুতে প্রাণ গিয়েছে গ্রামের এক বাসিন্দার! এমনটাই সন্দেহ ছিল ছেলের। শুধু তাই নয়, ব্ল্যাক ম্যাজিকের নিয়মিত চর্চাও নাকি করতেন মা! আর সেই সন্দেহেই মা-কে জীবন্ত পুড়িয়ে মারল হায়দরাবাদের ২১ বছরের এক যুবক। তেলেঙ্গানার মেদক জেলায় ঘটে যাওয়া এই রোমহর্ষক হত্যাকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। মৃত মহিলার নাম কাররে সায়াম্মা। সূত্রের খবর, অভিযুক্ত যুবক কাররে দুর্গেশ পেশায় একজন অটোচালক। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়াম্মা চাষের জমিতে দিনমজুরের কাজ করতেন। ঘটনার প্রায় ১০ দিন আগেই গ্রামের বাড়িতে এসেছিলেন দুর্গেশ। অতীতে গ্রামে ঘটে যাওয়া বেশ কয়েকটি মৃত্যুর জন্য তিনি তাঁর মা-কে দায়ী করেছিলেন। এরপর গত শনিবার, নিজের অটো থেকে ডিজেল বের করে তা মায়ের গায়ে ঢেলে জীবন্ত পুড়িয়ে মারে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হওয়ার পর ৪০ বছরের সায়াম্মা গত শনিবার মারা যান।
খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে পুলিশ আধিকারিকদের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সায়াম্মা যে কালাজাদুর চর্চা করতেন তার সপক্ষে কোনো প্রমাণই পাওয়া যায়নি। ইনস্পেকটর রেনুকা জানান, আমরা বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গেও কথা বলেছি। কিন্তু তাঁদের কেউই বলেননি যে তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।