


সংবাদদাতা, জঙ্গিপুর: নিমতিতা বিড়ি শ্রমিক হাসপাতালের বেহাল দশা অবশেষে প্রশাসনের নজরে এল। শনিবার দুপুরে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান হাসপাতালটি পরিদর্শন করেন। খলিলুর বলেন, হাসপাতালটি অনেকদিন ধরেই বেহাল। পরিকাঠামো উন্নয়ন করে চিকিৎসক ও কর্মী নিয়োগের বিষয়ে আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলব। দীর্ঘদিনের অবহেলা আর অব্যবস্থাপনায় হাসপাতালের যে দুর্দশা হয়েছে, সাংসদের পরিদর্শনের পর তা দূর হবে বলে আশাবাদী বাসিন্দারা।
মূলত বিড়ি শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সুনিশ্চিত করতেই এই হাসপাতালটি তৈরি করা হয়েছিল। হাসপাতাল ভবনে পর্যাপ্ত ঘর ও বড়ো পরিসর থাকা সত্ত্বেও চিকিৎসক, নার্স ও উন্নত চিকিৎসা-সরঞ্জামের অভাবে এটি ধুঁকছে। অনেকদিন ধরেই নামমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া এখানে আর কোনো পরিষেবা মেলে না। সামান্য চিকিৎসার জন্যও এলাকার দুঃস্থ বিড়ি শ্রমিকদের দূরদূরান্তে যেতে হয়। পর্যাপ্ত চিকিৎসক, কর্মী ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করে পূর্ণাঙ্গ পরিষেবা চালুর জন্য এলাকার বাসিন্দারা অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। এদিন দুপুরে হঠাৎই বিড়ি শ্রমিক হাসপাতালে উপস্থিত হন সাংসদ। বিভিন্ন ওয়ার্ড, ভবন ও চিকিৎসাকেন্দ্র ঘুরে দেখেন। হাসপাতাল চত্বরের পরিস্থিতি নিয়ে কর্মরত চিকিৎসক ও অন্য কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। পরিকাঠামোর ঘাটতি এবং চিকিৎসা পরিষেবায় কী ধরনের সমস্যা হচ্ছে, তা শোনেন। পরিদর্শন শেষে তিনি আশ্বাস দেন, হাসপাতালের এই বেহাল দশার কথা খুব তাড়াতাড়ি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। সাংসদের পরিদর্শনের পর বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃত্বও আশাবাদী এবার হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন হবে।