


মুম্বই: সপ্তাহের প্রথম কাজের দিনে মর্মান্তিক দুর্ঘটনা মুম্বইয়ে। সোমবার সকালে ভিড়ে ঠাসা চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল পাঁচ যাত্রীর। এমনই জানা গিয়েছে রেল সূত্রে। এই ঘটনা রেলে যাত্রী নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিয়েছে।
মুম্বইয়ের লাইফলাইন বলা হয় লোকাল ট্রেনকে। দিনকে দিন যাত্রী সংখ্যা বাড়লেও সেই তুলনায় ট্রেনের সংখ্যা বাড়েনি। রীতিমতো হাতে প্রাণ নিয়ে প্রতিদিন বাদুড় ঝোলা হয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। এদিন সকালে ঘটে গেল বিপত্তি।
রেল সূত্রে খবর, মুম্বরা স্টেশন এবং ডিভা স্টেশনের মাঝে ভিড়ে ঠাসা চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়ে যান কয়েকজন যাত্রী। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জখম আরও অনেকে। পুষ্পক এক্সপ্রেস এবং কাসারা লোকাল একে অন্যকে পার করার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, স্টেশনে ঢোকার আগে লোকাল ট্রেন একটা জায়গায় বাঁক নেয়। যারা দরজায় ঝুলছিলেন, তাঁরা সে সময় ভার সামলাতে পারেননি। ট্রেন থেকে পড়ে যান। তাতেই দুর্ঘটনা ঘটে যায়। মধ্য রেল একপ্রকার দায় এড়িয়েছে। তাদের দাবি, বসার জায়গা থাকলেও ট্রেনে ঝুলে যেতে পছন্দ করেন যাত্রীদের একাংশ। ট্রেনের ভিতর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।