


মুম্বই: কোনো নাশকতার ছক নয়! শুধুমাত্র বাগদত্তা এবং ভাবী শ্বশুরবাড়ির লোকজনের সামনে নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) তাবড় কেউকেটা হিসাবে দেখাতে চেয়েছিল ধৃত রোহন পারেখ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ২০২৫ সালেই সে পিএমও’র ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিল। মুম্বইয়ের ঘটনায় গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে গত মঙ্গলবার একটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কয়েকঘণ্টা আগে রাতের বেলা পিএমও’র ভুয়ো পরিচয়পত্র নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে যান রোহন ও তাঁর দেহরক্ষী দিলীপ কুন্ডে। কুন্ডের হাতে একটি বন্দুকও ছিল। এই কাণ্ড দেখে তড়িঘড়ি সব নিরাপত্তা এজেন্সি সতর্ক হয়ে যায়। গ্রেপ্তার করা হয় দু’জনকে। যদিও তদন্তে নেমে পুলিশ যা জানতে পারল, তা কোনো সিনেমার প্লটের থেকে কম নয়। জানা গিয়েছে, বাগদানের পর থেকেই বাগদত্তা ও ভাবী শ্বশুরবাড়ির সামনে নিজেকে উঁচু দরের সরকারি অফিসার এবং কেন্দ্রে তাঁর বিশাল প্রভাব আছে এমনটা দেখাতে চেয়েছিলেন রোহন। সেই কারণেই পিএমও’র ভুয়ো পরিচয়পত্র তৈরি করা।
ঘটনার দিন বাগদত্তার সামনে নিজের প্রভাব দেখাতেই প্রধানমন্ত্রীর প্রবেশের আগেই সদর্পে জিও ওয়ার্ল্ড প্লাজায় প্রবেশ করতে যান রোহন। পরিকল্পনা ছিল, ভিভিআইপি পয়েন্ট দিয়ে তিনি ওই ভুয়ো কার্ড দেখিয়ে ঢুকে যাবেন। আর তাতেই তুষ্ট হবে ভাবী শ্বশুরবাড়ি। সেসব কিছুই হল না। উলটে জঙ্গি সন্দেহে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হল। তদন্তকারীরা জানিয়েছেন, রোহনের অফিসে কাজ করতেন প্রমথেশ বাগুল। গোটা ঘটনায় সেও জড়িত বলেই সন্দেহ পুলিশের।