


মুম্বই, ২৯ এপ্রিল: মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ। আজ, বুধবার আইপিএলের ৪১তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। দুই ওপেনার ঝোড়ো ব্যাটিং শুরু করেন। ২২ বলে ৪৬ রান করেন উইল জ্যাকস। কিপার রিকেলটন ৫৫ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত থাকেন। মারেন ৮টি ছয় এবং ১০টি চার। সূর্যকুমার যাদব এদিন জ্বলে উঠতে পারেননি। করেন মাত্র ৫ রান। নমন আউট হন ২২ রানে। অধিনায়ক হার্দিক ১৫ বলে ৩১ রান করে সাকিবের বলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তিলক করেন মাত্র ৭ রান। রবিন ১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রানে তোলে মুম্বই। হায়দরাবাদের হয়ে ২টি উইকেট নেন প্রফুল। ১টি করে উইকেট পান মালিঙ্গা, সাকিব এবং নীতীশ কুমার রেড্ডি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে সানরাইজার্স। ২৪ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন ওপেনার অভিষেক শর্মা। ঝোড়ো ইনিংস খেলেন ট্র্যাভিস হেড। করেন ৩০ বলে ৭৬ রান। মারেন ৮টি ছয় এবং ৪টি চার। কিপার ঈশান কিষান অবশ্য ০ রানে বোল্ড হন। নীতীশ ২১ রানে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু রানের গতি তার জন্য মোটেই থেমে থাকেনি। দলের হাল ধরে থাকেন ক্লাসেন। ৩০ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। তাঁকে যোগ্যসঙ্গত দেন সলিল আরোরা। তিনি ১০ বলে ৩০ রানে নটআউট থাকেন। ১৮.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান করে টিম হায়দরাবাদ। জয়ী হয় ৬ উইকেটে। প্লেয়ার অব দ্য ম্যাচ হন ক্লাসেন।