


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগর পুরসভার এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, চন্দননগর পুরসভার ওই চুক্তিভিত্তিক কর্মীর নাম শৈবাল রায়। সম্প্রতি তাঁর বিরুদ্ধে এক প্রোমোটার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই কর্মীকে গ্রেপ্তার করে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবারই প্রথম নয়, ২০১৮ সালেও একবার ওই কর্মীর বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল। তখন তদন্ত শুরু হয়েছিল। বৃহস্পতিবার শৈবালকে আদালতে পেশ করে পুলিশ। বিচারক তাঁকে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। শৈবাল এদিন এনিয়ে মন্তব্য করতে চাননি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।