


সংবাদদাতা, রামপুরহাট: মুরারই গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করার কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যে বিল্ডিং তৈরির টেন্ডার ডাকা হয়েছে। রামপুরহাট স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে বলেন, মুরারই গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডের স্টেট জেনারেল হাসপাতাল স্তরে উন্নীত করতে ৩০ কোটির মতো আর্থিক বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে।
রাজ্যের শেষপ্রান্তে মুরারই বিধানসভা। এলাকার অধিকাংশ মানুষ পাথর শিল্পাঞ্চলে কাজ করেন। মুরারই সহ লাগোয়া ঝাড়খণ্ড ও মুর্শিদাবাদের বহু মানুষ চিকিৎসার করাতে ৬০ বেডের মুরারই রুরাল হাসপাতালে আসেন। কিন্তু পরিষেবা ঠিক মতো মেলে না বলে অভিযোগ। ফলে প্রায় ৪০ কিমি দুরে রামপুরহাট মেডিক্যালের ভরসায় থাকতে হয় এলাকার মানুষদের। বহু রোগী রামপুরহাটে আসার পথেই মারা যান। স্বভাবতই স্বাস্থ্য পরিষেবা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ এলাকার মানুষ। যত দিন যাচ্ছে ততই ক্ষোভের পাহাড় জমছে। নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। কিছুদিন আগে পর্যন্ত অ্যানাস্থেটিস্টের অভাবে বন্ধ ছিল অপারেশন থিয়েটার। সেই সমস্যা মিটলেও এখনও পর্যাপ্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সুইপারের অভাব রয়েছে। শুধুমাত্র সিজার ও লাইগেশন হয়। আইওটি থাকলেও সার্জেনের অভাবে তা বন্ধ। বিল্ডিং ও স্টাফ কোয়ার্টারগুলিরও ভগ্ন দশা।
২০১৩ সালে ইলামবাজারের জনসভা থেকে মুরারই গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর বিধায়ক মোশারফ হোসেন থেকে তৃণমূল নেতৃত্ব, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সকলেই আর্জি জানান। গত নভেম্বরে বর্ধমানে রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসেন রামপুরহাট মেডিক্যাল কর্তৃপক্ষ। সেখানে ব্লকস্তর আর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাঝে রামপুরহাট স্বাস্থ্যজেলায় আরও একটি স্টেট জেনারেল, মহকুমা বা জেলা হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেয় মেডিক্যাল কর্তৃপক্ষ। তার আগে গত মে মাসে মুরারই হাসপাতাল পরিদর্শনে এসে জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্তাদের নিয়ে বৈঠকে স্টেট জেনারেল হাসপাতাল স্তরে উন্নীত করার আশ্বাস দেন ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস (স্বাস্থ্য ও ফ্যামিলি ওয়েলফেয়ার) সিদ্ধার্থ নিয়োগী।
অবশেষে চলতি বছরের জানুয়ারির শেষে এই হাসপাতালকে একশো বেডের স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করতে ৩০ কোটি টাকার অনুমোদন মেলে বলে স্বাস্থ্যকর্তারা জানান। বিএমওএইচ অভিজিৎ মণ্ডল বলেন, স্টেট জেনারেল হাসপাতাল হলে সব রোগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকবেন। অপারেশন থিয়েটার সহ সমস্ত আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে। বহু মানুষ উপকৃত হবেন।
এদিকে হাসপাতালের উন্নতির খবরে এলাকায় খুশির জোয়ার। এলাকার বাসিন্দারা বলেন, একমাত্র প্রসব ছাড়া বাকি সব চিকিৎসার জন্যই মুরারই হাসপাতাল থেকে রামপুরহাট মেডিক্যালে রেফার করে দেয়। স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত হলে এখানেই চিকিৎসা হবে। বিধায়ক মোশারফ হোসেন বলেন, স্টেট জেনারেলের কাজ শুরু হতে চলেছে এটা আমাদের কাছে খুশির খবর। এদিকে স্বাস্থ্যকর্তারা জানান, মুরারই স্টেট জেনারেল হাসপাতাল হলে রামপুরহাট মেডিক্যালের উপর চাপ অনেকটাই কমবে।