


সংবাদদাতা, বহরমপুর: দেরিতে হলেও রোগী ও তাঁদের আত্মীয়দের মুশকিল আসান করল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের কোথায় কোন বিভাগ রয়েছে, তা খুঁজে পেতে অনেক সময় বাইরে থেকে আসা রোগীর আত্মীয়দের সমস্যায় পড়তে হত। অনেক সময় এর জেরে তাঁরা দালালের খপ্পরেও পড়তেন। সেই সমস্যা মেটাতে হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশে দিক নির্দেশক বোর্ড বসাল কর্তৃপক্ষ। তা দেখে রোগী ও তাঁদের আত্মীয়রা সহজেই ব্লাড ব্যাংক, ইউএসজি, সিটি স্ক্যান, ডায়ালিসিস, জরুরি বিভাগ, বহির্বিভাগ প্রভৃতি জায়গায় পৌঁছাতে পারবেন।
মুর্শিদাবাদ মেডিকেলের এমএসভিপি অনাদি রায়চৌধুরী বলেন, এখানে আসা রোগীদের অনেকেই বিভিন্ন বিভাগ খুঁজে পাচ্ছিলেন না। অনেকে দালালচক্রের কবলেও পড়ছিলেন। তাই পরিকল্পনা করে হাসপাতালের বিভিন্ন জায়গায় পথনির্দেশক বোর্ড বসানো হয়েছে।
মেডিকেলের বিশাল চত্বরে বিভিন্ন বিভাগ ছড়িয়েছিটিয়ে রয়েছে। রোগীরা কোথায় কোন বিভাগ রয়েছে-জিজ্ঞাসা করলেই দালালরা তার সুযোগ নিত। তাদের খপ্পরে পড়ে বহু মানুষকে হয়রানির পাশাপাশি আর্থিক খেসারত দিতে হয়েছে। মেডিকেলের টিকিট কাউন্টার লাগোয়া বোর্ডে চোখ বোলাচ্ছিলেন হরিহরপাড়ার কুরবান শেখ। তিনি বলেন, ব্লাড ব্যাংকটা কোথায়, সেটাই খুঁজছিলাম। বোর্ড দেখে জানতে পারলাম, এখান থেকে সোজা যেতে হবে। রণগ্রামের বাসিন্দা দেবজিৎ রায় বোর্ড দেখে রোগীকে নিয়ে ক্যানসার ইউনিটের দিকে পা বাড়াচ্ছিলেন। তিনি বলেন, বহুবার এখানে এসেছি। কিন্তু কোনোবারই দিক ঠিক করতে পারতাম না। এবার বোর্ড বসানোয় আর সমস্যা হয়নি। মুর্শিদাবাদ মেডিকেলে রোগীর চাপ ক্রমশ বাড়ছে। সেইসঙ্গে দালালচক্রের রমরমাও বাড়ছিল। দালালচক্র রুখতে হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। -নিজস্ব চিত্র