


নাগপুর, ১৯ মার্চ: আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভ ও তাকে কেন্দ্র করে গুজবের জেরে উত্তপ্ত নাগপুর। গত সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন এক মহিলা পুলিশকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। গণেশপেঠ থানায় এই বিষয়ে এফআইআর দায়ের হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশ।
এফআইআর উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সেদিন উত্তেজনা উস্কে দেওয়ার জন্য একদল লোক প্ররোচনামূলক স্লোগান দিয়েছিল। এই হিংসার ঘটনায় মোট ৫১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
এফআইআরে বিশদ উল্লেখ করা হয়েছে যে, কীভাবে ওই মহিলা পুলিসকর্মীকে নিগ্রহ করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ওইদিন কয়েকজন দুষ্কৃতী তাঁকে ধাক্কা মারে এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। ওই মহিলা পুলিসকর্মী ঘটনাস্থলে মোতায়েন র্যাপিট কন্ট্রোল পুলিস (আরসিপি) স্ক্যোয়াডের সদস্য ছিলেন। তাঁর দায়ের অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ছত্রপতি শম্ভাজিনগরের খুলদাবাদ থেকে সরাতে হবে, এই দাবিতে সোমবার সন্ধ্যায় মধ্য নাগপুরের মহাল এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সেই বিক্ষোভে ধর্মীয় অবমাননা হয়েছে বলে গুজব ছড়ায়। আর তারপরেই বিভিন্ন এলাকায় শুরু হয় সংঘর্ষ। পুড়িয়ে দেওয়া হয় একের পর এক বাইক, গাড়ি। বাড়ি, দোকানের ভিতর ঢুকে ভাঙচুর চালানো হয়। রক্ষা পায়নি ওষুধের দোকানও। বাসিন্দাদের একাংশ অবশ্য এই পরিস্থিতির জন্য পুলিসের নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছেন।