


ওস্ত্রাভা: তিন দিনের ব্যবধানে ফের সোনা নীরজ চোপড়ার। প্যারিস ডায়মন্ড লিগের পর ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকেও সেরার তকমা পেলেন পানিপথের পুত্তর। মঙ্গলবার ৮৫.২৯ মিটার জ্যাভেলিন ছুড়ে বাজিমাত করেন তিনি। যা অবশ্য তাঁর সেরা পারফরম্যান্সের ধারে কাছেও পৌঁছয়নি। তবে গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স বেশ বিবর্ণ ছিলেন। ৮৩.৬৩ স্কোরে তৃতীয় হয়েছেন তিনি। আর দ্বিতীয় স্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার দৌ স্মিথ (৮৪.১২)।
ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে এদিন প্রথমবার নেমেছিলেন নীরজ। আর অভিষেকেই সোনা জিতলেন তিনি। মঙ্গলবার তৃতীয় থ্রো’তে সেরা পারফরম্যান্স মেলে ধরেন নীরজ। শেষ থ্রো’তে ফাউল করে তাঁকে অবশ্য বেশ বিরক্ত দেখায়। তবে সোনা জেতার জন্য ৮৫.২৯ মিটারই যথেষ্ট ছিল। উল্লেখ্য, চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন নীরজ। গত মাসেই দোহা ডায়মন্ড লিগে ম্যাজিক ফিগার ৯০ মিটারের গণ্ডি টপকান টোকিও ওলিম্পিকসে সোনা জয়ী অ্যাথলিট। তারপরও অবশ্য তাঁকে রুপোতে সন্তুষ্ট থাকতে হয়। এরপর গত শুক্রবার প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন নীরজ। চলতি বছরেই টোকিওতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর বসবে। এই মেগা টুর্নামেন্টকেই পাখির চোখ করছেন ভারতের সোনার ছেলে।