


গ্লাসগো: চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। দোহা ডায়মন্ড লিগে স্থান হয়নি পোডিয়ামেই। ২০১৮ সালের পর প্রথমবার এমনটা ঘটেছিল। তবে কমনওয়েলথ গেমসে কামব্যাক করলেন নীরজ চোপড়া। জ্যাভেলিনে সোনা হাতছাড়া হলেও চলতি মরশুমে তাঁর সেরা থ্রো ৮৫.৬৯ মিটারের সুবাদে রুপো জেতেন ভারতীয় তারকা। কঠিন সময় পেরিয়ে সাফল্যের মুখ দেখে খুশি তিনি। নীরজ অবশ্য জানিয়েছেন, এখনও পুরোপুরি ফিট নন। তাই ভয়ে ভয়ে থ্রো করেছেন। টোকিও ওলিম্পিকসে সোনাজয়ীর কথায়, ‘প্রত্যাবর্তনটা ঠিকঠাকই হয়েছে। তবে ঠান্ডায় আমার সমস্যা হয়। আসলে একজন ভারতীয় হিসাবে গরমে খেলতেই বেশি অভ্যস্ত। তাছাড়া ১০০ শতাংশ ফিট না থাকলে সেরাটা মেলে ধরা কঠিন। সদ্য চোট সারিয়ে ফিরেছি। তাই ভয়ে ছিলাম। বেশি জোরে দৌড়াতে ভয় পাচ্ছিলাম। পাছে আবারও চোট লেগে যায়। তবে দ্বিতীয় থ্রোটা ঠিকঠাকই ছিল।’ নীরজের পাশাপাশি শুক্রবার জ্যাভেলিনে পদক জিতেছেন ভারতের যশবীর সিং। শেষ প্রচেষ্টায় কেরিয়ারের সেরা ৮৫.৪১ মিটার ছুড়ে ব্রোঞ্জ জেতেন ২৪ বছর বয়সি। এই প্রসঙ্গে নীরজের মন্তব্য, ‘সঠিক সময়ে সেরা থ্রো করে ব্রোঞ্জ পেয়েছে। ওর জন্য খুবই খুশি।’
এদিকে, পুরুষদের ডেকাথলনে প্রথম ভারতীয় হিসাবে কমনওয়েলথ গেমসে পদক জিতে উচ্ছ্বসিত তেজস্বীন শঙ্কর। দশটি ইভেন্টের এই খেলায় তাঁর স্কোর ৭৯৭৬ পয়েন্ট। ব্রোঞ্জ জয়ের পর তিনি বলেন, ‘অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় পদক জিততে পেরে আমি রোমাঞ্চিত। এই সাফল্য আসন্ন এশিয়াডে আরও ভালো পারফরম্যান্সে উদ্বুদ্ধ করবে।’